Homebound: অস্কারের দৌড়ে আরও এগিয়ে ভারত! সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় ভারতের ছবি ‘হোমবাউন্ড’
মঙ্গলবার অ্যাকাডেমির পক্ষ থেকে ১২টি বিভাগের শর্টলিস্ট প্রকাশ করা হয়েছে, যেখানে বিশ্বের নামী সব ছবির সঙ্গে জায়গা করে নিয়েছে ভারতের এই অফিশিয়াল এন্ট্রি।
Truth of Bengal: অস্কারের মঞ্চে ইতিহাস গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে মনোনীত হওয়ার দৌড়ে চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে নীরজ ঘেওয়ান পরিচালিত ছবি ‘হোমবাউন্ড’। মঙ্গলবার অ্যাকাডেমির পক্ষ থেকে ১২টি বিভাগের শর্টলিস্ট প্রকাশ করা হয়েছে, যেখানে বিশ্বের নামী সব ছবির সঙ্গে জায়গা করে নিয়েছে ভারতের এই অফিশিয়াল এন্ট্রি।
View this post on Instagram
করণ জোহর প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঈশান খট্টর, বিশাল জেঠওয়া এবং জানহবি কাপুর। শর্টলিস্টেড ১৫টি ছবির মধ্যে জায়গা পাওয়ার খবর আসতেই উচ্ছ্বাসে ভাসছে গোটা টিম। প্রযোজক করণ জোহর ছবির পোস্টার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় নিজের আবেগ প্রকাশ করেছেন। তিনি জানান, এই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা তাঁর পক্ষে অসম্ভব। পরিচালক নীরজ ঘেওয়ানও এই সাফল্যে অত্যন্ত আনন্দিত।
ছবিটির বিষয়বস্তু মূলত তরুণ ভারতীয়দের জীবন সংগ্রামকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। বন্ধুত্ব, কর্তব্য এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের চাপে পড়ে তরুণ প্রজন্ম যে পরিস্থিতির সম্মুখীন হয়, তারই এক আবেগপূর্ণ প্রতিফলন দেখা গিয়েছে এই সিনেমায়। আভিজাত্য এবং শ্রেণিবৈষম্যের মতো বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীলভাবে এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে।
View this post on Instagram
এই ছবির নেপথ্যে রয়েছেন বিনোদন জগতের একঝাঁক দিকপাল ব্যক্তিত্ব। করণ জোহরের পাশাপাশি এই ছবিটির প্রযোজনায় যুক্ত আছেন আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন মারিজকে ডি’সুজা এবং মেলিতা টাস্কান ডু প্লান্টিয়ার। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, কিংবদন্তি পরিচালক মার্টিন স্কোরসেজি এবং প্রবীণ খৈরনার এই ছবির এক্সিকিউটিভ প্রযোজক হিসেবে কাজ করেছেন।
বিশ্বমঞ্চে ‘হোমবাউন্ড’-এর যাত্রা শুরু হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে। এরপর টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও ছবিটি প্রদর্শিত হয় এবং সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়োয়। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দর্শকরা এই ছবিটি দেখতে পাচ্ছেন। আগামী ২২ জানুয়ারি চূড়ান্ত পাঁচটি মনোনয়ন ঘোষণা করা হবে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত অস্কারের মূল লড়াইয়ে ভারত নিজের জায়গা পাকা করতে পারে কি না।


