ফের পিছিয়ে গেল বরুণের ছবি! ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর মুক্তি নিয়ে বড় আপডেট
সিনেমাটি ৪ জুনের পরিবর্তে আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে
Truth of Bengal: বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের আসন্ন সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর মুক্তি নিয়ে দীর্ঘ টালবাহানার অবসান ঘটল। তবে ছবিটির জন্য অপেক্ষারত ভক্তদের জন্য রয়েছে কিছুটা মন খারাপের খবর। বারবার দিনক্ষণ পরিবর্তনের পর এবার আরও একবার পিছিয়ে গেল এই ছবির মুক্তির তারিখ। মঙ্গলবার ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটি ৪ জুনের পরিবর্তে আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
শুরুতে বরুণের এই ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল ১৯ মার্চ। কিন্তু সেই একই দিনে দক্ষিণী তারকা যশের বহুল আলোচিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল’ মুক্তি পাওয়ার কথা থাকায় বক্স অফিসে বড়সড় সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই সংঘাত এড়াতেই প্রথম দফায় পিছিয়ে ৪ জুন দিনটি ধার্য করা হয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আবারও পিছিয়ে দেওয়া হলো ছবির মুক্তি।
ছবির মুক্তির তারিখ পরিবর্তন নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছেন প্রযোজক ও নির্মাতারা। সেখানে বলা হয়েছে, কয়েক মাস আগেই ৪ জুন তারিখটি চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি এবং ইন্ডাস্ট্রির স্বার্থ বিবেচনা করে তাঁরা মনে করছেন মুক্তির তারিখ বদলানোই হবে সঠিক পদক্ষেপ। বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, “আমরা বিশ্বাস করি একই দিনে একাধিক বড় ছবি প্রতিযোগিতায় নামার চেয়ে চলচ্চিত্র নির্মাতারা একে-অন্যকে সমর্থন করলে তা এই শিল্পের জন্য বেশি ইতিবাচক। সেই ভ্রাতৃত্ববোধ থেকেই আমরা ১২ জুন দিনটি বেছে নিয়েছি।”



