বিনোদন

ধোনির ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে প্রেম? মেজাজ হারিয়ে কী বললেন কৃতি?

নিজের সম্পর্ক নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন অভিনেত্রী।

Truth of Bengal: বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারের লড়াই নিয়ে বর্তমানে বি টাউনে জোর চর্চা চলছে। দীর্ঘ দিন ধরেই লন্ডন নিবাসী ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে, যিনি ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সম্প্রতি ধোনির একটি পারিবারিক অনুষ্ঠানে এই চর্চিত যুগলকে একসঙ্গে দেখা যাওয়ায় সামাজিক মাধ্যমে সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়। যদিও নিজের সম্পর্ক নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন অভিনেত্রী।

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের বিয়ে সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হতে হয় কৃতিকে। সঞ্চালক যখন তাঁর বোনের মতো কৃতির জীবনেও শীঘ্রই কোনো বিশেষ অনুষ্ঠান বা বিয়ের সানাই বাজবে কি না জানতে চান, তখন বেশ বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী। তিনি সাফ জানান যে, আত্মীয়স্বজন বা বাবা-কাকাদের মতো এমন প্রশ্নে তিনি ক্লান্ত। কৃতির মতে, জীবনের লক্ষ্য কেবল বিয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এবং এখনই তাঁর কোনো তাড়াহুড়ো নেই। তিনি যখন মনে করবেন সঠিক সময় এসেছে, তখনই বিয়ের পিঁড়িতে বসবেন। একই অনুষ্ঠানে বলিউডের বহিরাগত হিসেবে নিজের লড়াই এবং নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে অকপট মন্তব্য করেছেন কৃতি। তিনি স্বীকার করে নেন যে, তারকা সন্তানদের সুযোগ করে দিতে গিয়ে তাঁকে একাধিকবার সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তিনি এটিও স্পষ্ট করেন যে, কেবল স্টার কিডদের কারণেই নয়, অন্য অভিনেত্রীদের কারণেও তাঁকে অনেক সময় কাজ হারাতে হয়েছে। কৃতির মতে, স্বজনপোষণ সব পেশাতেই থাকে, তবে বিনোদন জগতে এটি বেশি প্রকট।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেত্রী বলেন যে, কঠোর পরিশ্রম এবং কাজের গুণগত মান বজায় রাখলে সাফল্য আসবেই। ভবিষ্যৎ প্রজন্মের কথা টেনে তিনি জানান, তাঁর সন্তান যদি কোনোদিন অভিনয়ে আসতে চায়, তবে মায়ের পরিচিতির কারণে হয়তো প্রাথমিক কিছু সুবিধা সে পেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে গেলে নিজের যোগ্যতা প্রমাণ করা ছাড়া অন্য কোনো পথ নেই। হাল না ছেড়ে লড়াই চালিয়ে যাওয়াই সাফল্যের চাবিকাঠি বলে মনে করেন এই বলিউড তারকা।

Related Articles