
The Truth of Bengal: এই প্রথম বাংলা সিনেমায় রাস্তায় ঘুরে-বেরানো বেওয়ারিশ কুকুরদের প্রতি সমবেদনা প্রকাশ করে একটি কাজের কাজ করতে চাইলেন কোনও পরিচালক। তিনি তথাগত মুখোপাধ্যায়। সেই বেওয়ারিশ কুকুরদের নিয়ে যে পাশবিক অসামাজিক ব্যবসা চলে সেই কুচক্রীদের দিকেও আঙ্গুল তুললেন তিনি। তাঁর নতুন ছবি পারিয়া-তে।
ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন টলিউড অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। এই ছবিতে নিজের চেনা গন্ডির বাইরে গিয়ে একেবারে অন্যলুকে পর্দায় ধরা দিয়েছেন বিক্রম। হিন্দি সিনেমার মতো সিক্স প্যাক বানিয়ে বিক্রম একা নিজের হাতে নিকেশ করে সব্বাইকে। অ্যাকশন দৃশ্যেও রীতিমতো তুখড় ছিলেন বিক্রম। ছবির অন্যান্য চরিত্রে শ্রীলেখা মিত্র, লোকনাথ দে বেশ ভালো। আর অম্বরীশ ভট্টাচার্য মুখোশধারীর চেহারাটি সুন্দর পরিবেশন করেছেন। এই ছবির পাওনা তাই বিক্রম আর অম্বরীশ। অবশ্য, এই এই ছবিতে চমকপ্রদ চরিত্রে রয়েছেন শ্রীলেখা মিত্র এবং অম্বরীশ ভট্টাচার্যরা। তাঁদের চরিত্রের মধ্য দিয়েই সাধারন মানুষের অজানা দিকটার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন পরিচালক তথাগত।
ছবিতে উঠে আসে পথসারমেয়দের ধরার আড়ালে যে মাংসের ব্যবসা চলে তার মুখোশ খোলার জন্য সুঠাম চেহারার নায়ক বিক্রমকে যেভাবে শত্রুদের সঙ্গে লড়তে দেখলাম সেটা অনেকটাই বাড়াবাড়ি মনে হল। অন্যদিকে, অসামাজিক ব্যবসার বিবরণ দিতে গিয়ে পরিচালক তথাগত যে ধরনের হিংস্রতা দেখালেন সেটা দর্শক কতটা সহ্য করতে পারবেন, তা নিয়ে সন্দেহের উদ্রেক হয়! সৎ উদ্দেশ্য থাকলেও কিঞ্চিৎ পরিমিতিবোধ না থাকায় উদ্দেশ্য সাধন অসম্ভব! অবশ্যই ক্যামেরার কাজ, অ্যাকশন দৃশ্যগুলোর কোরিওগ্রাফি কারিগরি দিক থেকে ‘পারিয়া’ অবশ্যই দর্শনীয়।






