
The Truth of Bengal: লোকসভা নির্বাচন আসন্ন। সব রাজনৈতিক দল নিজেদের দলের ফাটল মেরামত করে আসরে নামতে চাইছে। তবে কিছুতেই অভ্যান্তরীণ কোন্দল পিছু ছাড়ছে না বিজেপির। সে কোন্দল সবচেয়ে বেশি মাথাচাড়া দিচ্ছে বীরভূম জেলায়। কিছুতেই তাতে লাগাম টানতে পারছে না জেলা নেতৃত্ব। দলের একাংশের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে প্রকাশ্যে বিদ্রোহ করে আসছিলেন কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। সম্প্রতি তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই বীরভূমে বিজেপির অন্তর্কলহ এরপরও থামেনি। এবার বোলপুর বিজেপি জেলা সাংগঠনিক সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি কর্মীর।
যা নিয়ে জেলা বিজেপির অন্দরে চলছে তোলপাড়। সোমনাথ ঘোষ নামে এক বিজেপি কর্মী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, সন্ন্যাসীচরণ মণ্ডল ওরফে অষ্টম মন্ডল আপনি বিজেপির মতো স্বচ্ছ একটি দলের কলঙ্ক। মনে পড়ে বাবুয়া সরকার তার পুত্র সন্তানের চাকরিরত অবস্থায় অকাল মৃত্যু হলে তিনি পুত্রের স্মৃতিতে আপনার পাড়ার দুর্গামন্দির করার জন্য কিছু জমি দান করেন। আপনি পুজো কমিটির নামে ওই জমিটি নিজের নামে রেজিস্ট্রি করে নেন। পরে জানাজানি হলে কাগজ বদল হয়। ২০১৯ সালে প্রধানমন্ত্রী যখন বোলপুরে জনসভা করতে আসেন সেখানকার হেলিপ্যাড তৈরির ইট বয়ে নিয়ে কীর্ণাহারে নিজের বাড়ি বানান।
গত পুর নির্বাচনে বোলপুরের ২২টি ওয়ার্ডে বিজেপি প্রার্থী না দিয়ে আপনি তৃণমূলের কাছে মোটা অংকের টাকা নিয়ে নিলেন। বাইশটা ওয়ার্ডে কাকতালীয়ভাবে ওয়াক ওভার হয় না। এছাড়াও আরও অনেক কথা বলা হয়েছে সন্ন্যাসীচরণ মণ্ডলকে নিয়ে। বোলপুর জেলা সাংগঠনিক বিজেপি সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডলের বিরুদ্ধে ফেসবুকে এ ধরনের মন্তব্যে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে নেতৃত্ব। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হলেও কিছুতেই তাতে লাগাম টানতে পারছে না বিজেপি নেতৃত্ব। লোকসভা নির্বাচনের আগে যা বিজেপির কাছ্র বড় মাথাব্যথা।






