
The Truth of Bengal: ‘রাধে শ্যাম’ ও আদিপুরুষ’ এই দুটি ছবি পরপর বক্স অফিসের মার্কশিটে ডাহা ফেল। তারউপর আদিপুরুষ নিয়ে বিতর্ক-নিন্দাও কম চলেনি। আর এবার সেইসব নিন্দার যোগ্য জবাব দিল দক্ষিণী সুপারস্টার প্রভাস তাঁর ‘সালার’-এর সৌজন্যে। ‘সালার’-এর হাত ধরেই দাপুটে কামব্যাক করলেন ‘বাহুবলী’ তারকা। এমনকী প্রথম দিনের বক্স অফিস কালেকশনের বিচারে পিছনে ফেলে দিলেন কিং খানের ‘ডাঙ্কি’কেও।
বক্স অফিস কালেকশন হিসেবে গোটা দেশে প্রথম দিন সালার ব্যবসা করেছে প্রায় ১০০ কোটির মতন। অন্যদিকে ‘ডাঙ্কি’র ২দিনের হিসেব বলছে মাত্র ৫০কোটি টাকা। এমনকি, আগাম টিকিট বুকিং-এর আগেই শাহরুখের ‘ডাঙ্কি’কে পিছনে ফেলে দিয়েছিল প্রভাসের ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’। এবার প্রথম দিনের কালেকশনের নিরিখে শাহরুখের ছবিকে এককথায় উড়িয়ে দিলেন প্রভাস।
বক্স অফিসে সরাসরি ক্ল্যাশ এড়াতে একদিন আগেই মুক্তি পেয়েছে ‘ডাঙ্কি’। কিন্তু ‘পাঠান’, ‘জওয়ান’-এর মত বক্স অফিস ঝড় তুলতে ব্যর্থ এই ছবি। বৃহস্পতিবার সারা দেশে ‘ডাঙ্কি’র কালেকশন ছিল মাত্র ৩০ কোটি টাকা, বিশ্ব বক্স অফিস মেলালে টাকার অঙ্কটা ৬০কোটির কাছাকাছি হবে। ওদিকে কেবলমাত্র দেশের বক্স অফিসই মুক্তির দিন ‘সালার’-এর কালেকশন প্রায় ৯৫ কোটির আশেপাশে। অন্যদিকে গ্লোবাল বক্স অফিসে ছবির গ্রস আয় হতে চলেছে ১৭৫ কোটি। অর্থাৎ প্রথমদিনের কালেকশনের বিচারে ‘ডাঙ্কি’র চেয়ে শতযোজন এগিয়ে প্রভাসের সালার।






