বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা? বাংলার আবহাওয়া নিয়ে বড় আপডেট
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মঙ্গলবার থেকে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।
Truth of Bengal: লক্ষ্মীপুজোর দিন রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকলেও মাঝে মধ্যে মেঘ দেখা যেতে পারে। উত্তরবঙ্গেও আজ আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মঙ্গলবার থেকে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ আকাশ পরিষ্কার থাকবে। তবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে হালকা বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা কম। তবে বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিন উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হবে না। এরপর রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে পরবর্তী আবহাওয়া বুলেটিনের দিকে নজর রাখা জরুরি।






