রাজ্যের খবর

আরজি কর-কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার পুরপ্রধান গ্রেফতার

পানিহাটি পুরসভার প্রাক্তন প্রধান সোমনাথ দে-কে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশ।

Truth of Bengal: আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেহ তড়িঘড়ি দাহের ষড়যন্ত্রের অভিযোগে পানিহাটি পুরসভার প্রাক্তন প্রধান সোমনাথ দে-কে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশ। উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার প্রাক্তন প্রধানকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ পুলিশের একটি দলের হেফাজতে রয়েছেন। এদিনই তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়। এরপর তাঁকে উত্তর ২৪ পরগনার বারাকপুর জেলা আদালতে পেশ করা হবে। মামলায় তাঁর পুলিশ হেফাজত চাওয়া হবে বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি।

দেহ তড়িঘড়ি দাহের ষড়যন্ত্রের মামলায় সোমনাথ দে তৃতীয় অভিযুক্ত। এর আগে পানিহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষ এবং নিহত চিকিৎসকের পরিবারের পানিহাটির প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেফতার হন। দু’জনেই বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত শুরু করার পর থেকেই সোমনাথ দে নিখোঁজ ছিলেন।

গত ৮ আগস্ট আরজি করের নিহত চিকিৎসকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তড়িঘড়ি দাহের অভিযোগ নিয়ে বারাকপুর পুলিশ কমিশনারেটের মাধ্যমে নতুন করে তদন্তের কথা ঘোষণা করেন। অভিযোগ, দ্বিতীয় বার ময়নাতদন্তের সম্ভাবনা নষ্ট করতেই পানিহাটির শ্মশানে তড়িঘড়ি শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল।

এরপর নিহত চিকিৎসকের বাবার নতুন অভিযোগের ভিত্তিতে খড়দা থানায় নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথ দে-র বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের হয়। প্রথমে তিন অভিযুক্তই পলাতক ছিলেন। গত মাসে ওড়িশা থেকে নির্মল ঘোষ এবং কলকাতার চিনার পার্কের একটি বাড়ি থেকে সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেফতার হন। শেষ পর্যন্ত বেঙ্গালুরু থেকে গ্রেফতার হলেন সোমনাথ দে।

২০২৪ সালের ৯ আগস্ট সকালে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। পরে জানা যায়, আগের রাতে তাঁকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়েছিল। অভিযোগ ওঠে, সমস্ত নিয়মকানুন উপেক্ষা করে তাঁর দেহ দ্রুত পানিহাটির শ্মশানে নিয়ে গিয়ে তড়িঘড়ি দাহ করা হয়। এই পুরো প্রক্রিয়ায় নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথ দে-র প্রত্যক্ষ তদারকির অভিযোগ রয়েছে।

Related Articles