রাজ্যের খবর

বরাহনগরে শোরগোল! তোলাবাজির অভিযোগে গ্রেফতার কাউন্সিলর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বরাহনগরের বাসিন্দা রীতা রায় কাউন্সিলরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান।

Truth of Bengal: তোলাবাজি এবং ফ্ল্যাট সংক্রান্ত বিবাদে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজো। বুধবার ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ তাঁকে পাকড়াও করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আবাসন বা ফ্ল্যাটের ভাড়াটে সংক্রান্ত সমস্যা মিটিয়ে দেওয়ার নাম করে তিনি সাধারণ মানুষের কাছ থেকে মোটা টাকা আদায় করতেন। অভিযোগ দায়ের হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি এই তৎপরতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বরাহনগরের বাসিন্দা রীতা রায় কাউন্সিলরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান। ওই মহিলার দাবি, ফ্ল্যাটের ভাড়াটে সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে শান্তনু মজুমদার তাঁর কাছ থেকে দফায় দফায় মোট ৭০ হাজার টাকা নিয়েছেন। এখানেই শেষ নয়, ওই মহিলার ফ্ল্যাটে জোর করে ভাড়াটে বসিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে। এই অভিযোগের গুরুত্ব বিচার করেই ব্যারাকপুর পুলিশ দ্রুত তদন্তে নামে এবং তাঁকে গ্রেফতার করে।

শান্তনু মজুমদারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৩ (জোর করে অন্যের বাড়িতে প্রবেশ), ৩০৮(৫) (তোলাবাজি), ৩৫১(৩) (হুমকি ও ভয় দেখানো) এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবারই তাঁকে আদালতে তোলা হতে পারে। স্থানীয় কাউন্সিলরের এই গ্রেফতারি বরাহনগরের রাজনৈতিক মহলেও বড়সড় শোরগোল ফেলে দিয়েছে।

Related Articles