স্বস্তিতে রাহুল সিনহা! আইনি জটিলতা সরিয়ে গ্রহণ করা হল রাজ্যসভার মনোনয়ন
দীর্ঘ প্রতীক্ষার পর সাংসদ হওয়ার পথে তাঁর আর কোনো বাধা রইল না।
Truth of Bengal: অবশেষে রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন পর্বে যাবতীয় আইনি জটিলতা কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিজেপি নেতা রাহুল (বিশ্বজিৎ) সিনহা। নথিপত্র সংক্রান্ত সমস্যার সমাধান হওয়ায় নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্রটি গ্রহণ করেছে। শুক্রবার বিধানসভা থেকে হাসিমুখে বেরিয়ে তিনি নিজের সন্তোষ প্রকাশ করেন এবং জানান যে, আগামী ৯ তারিখ কমিশনের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক শংসাপত্র প্রদান করা হবে। দীর্ঘ প্রতীক্ষার পর সাংসদ হওয়ার পথে তাঁর আর কোনো বাধা রইল না।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার, যখন রাহুল সিনহা রাজ্যসভা নির্বাচনের জন্য তাঁর মনোনয়ন পেশ করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁর জয় একপ্রকার নিশ্চিত থাকলেও নথিপত্রে মামলা সংক্রান্ত একটি তথ্যে অসঙ্গতি ধরা পড়ে। এর ফলে তাঁর প্রার্থিতা ঘিরে সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শুক্রবার সকাল ১১টা থেকে মনোনয়নপত্রের স্ক্রুটিনি বা যাচাই পর্ব শুরু হওয়ার কথা ছিল এবং কমিশন তাঁকে সাফ জানিয়ে দিয়েছিল যে, নির্দিষ্ট সময়ের আগেই প্রয়োজনীয় নথি জমা দিয়ে ত্রুটি সংশোধন করতে হবে।
শুক্রবার সকালে বিধানসভার অলিন্দে এক নজিরবিহীন দৃশ্য দেখা যায়। স্ক্রুটিনি প্রক্রিয়া শুরু হওয়ার আগেই সেখানে উপস্থিত হন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। নিয়মের ছক ভেঙে তাঁর এই আগমণ নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়। একাংশের দাবি, বিজেপি প্রার্থীর মনোনয়ন নিশ্চিত করতেই তিনি বিশেষ তৎপরতা দেখিয়েছেন। তবে স্ক্রুটিনি শেষে দেখা যায়, সমস্ত নথিপত্র খতিয়ে দেখার পর কমিশনের পক্ষ থেকে রাহুল সিনহার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।






