রাজ্যের খবর
দোলের আগেই লিলুয়ায় উদ্ধার লক্ষাধিক টাকার মদ, পুলিশের জালে বড় পাচারচক্র
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোররাতে ওই অভিযান চালানো হয়
Truth of Bengal: দোলের আগে পুলিশি অভিযানে হাওড়ার লিলুয়া থানা এলাকা থেকে উদ্ধার হলো প্রায় লক্ষাধিক টাকার দেশি-বিদেশি মদ। এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও ১ জনের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোররাতে ওই অভিযান চালানো হয়।
একটি টোটোয় করে প্রায় ২৫ কার্টুন মদ আনা হচ্ছিল। পুলিশ টোটো সহ ওই বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করে। হাতেনাতে ধরা হয় টোটো চালক গোপাল রায়কে। পুলিশ জানিয়েছে, স্থানীয় জয়পুরের দিক থেকে ওই মদ নিয়ে আসা হচ্ছিল। দোলে এই মদ লিলুয়ার বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হতো। এই ঘটনায় আসল পাচারকারীর খোঁজ চলছে। আবগারি আইনে ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।



