দেরাদুনে মর্মান্তিক দুর্ঘটনা! ৩৪ জন যাত্রী নিয়ে খাদে পড়ল বাস
প্রশাসনের আশঙ্কা, উদ্ধারকাজ যত এগোবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
Truth of Bengal: মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের দেরাদুন জেলার কালসি এলাকায় এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত চারজন যাত্রীর মৃত্যু হয়েছে। হিমাচল রোডওয়েজ়ের একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রশাসনের আশঙ্কা, উদ্ধারকাজ যত এগোবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
জানা গিয়েছে, ৩৪ জন যাত্রী নিয়ে হিমাচল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ওই বাসটি নেরওয়া থেকে পাওন্টা সাহিবের দিকে যাচ্ছিল। কালসি এলাকার কোয়ানু-মিনাস মোটর রোডের একটি বিপজ্জনক বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে বাসটি কয়েকশো ফুট গভীর খাদে গিয়ে আছড়ে পড়ে। খবর পাওয়ার পরপরই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে।
এই দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। উদ্ধারকারী দল তাঁদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। সিমলা ও সিরমৌর থেকে হিমাচল রোডওয়েজের একটি বিশেষ প্রতিনিধি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি চালানো হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছেন যে, জেলা প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে গুরুতর জখমদের উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও রাখা হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন।






