কলকাতারাজ্যের খবর

শীতের দাপট কমে বাড়ছে রোদের তেজ, কী বলছে হাওয়া অফিস?

পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই রাজ্যের তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করবে।

Truth Of Bengal: ক্যালেন্ডারের হিসেবে এখন মাঘ মাস, কিন্তু প্রকৃতির মেজাজ বলছে বসন্ত আর খুব বেশি দূরে নেই। হাড়কাঁপানো ঠান্ডার দাপট কমে গিয়ে রাজ্যে এখন হালকা শীতের আমেজ। ভোর বা রাতের দিকে সামান্য শীত অনুভূত হলেও দিনের বেলা রোদের তেজে উধাও হচ্ছে কনকনে ভাব। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই রাজ্যের তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করবে।

সারাদিন আকাশ মূলত পরিষ্কার থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

সোমবার থেকে আবহাওয়া পরিবর্তনের বড় সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এবং দক্ষিণ কর্ণাটকের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুইয়ের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যে পারদ আরও চড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রবিবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং দুই ২৪ পরগনায় মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকলেও ভারী কুয়াশার কোনও সতর্কতা জারি করা হয়নি।

দক্ষিণবঙ্গে পারদ চড়লেও উত্তরবঙ্গে আগামী তিনদিন ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা অনেকটা কমতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। পাহাড়ের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।

শনিবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল নদিয়ার কল্যাণী, যেখানে পারদ নেমেছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। মজার বিষয় হলো, গতকাল সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে কল্যাণী উত্তরবঙ্গের কোচবিহারকেও (১০.১ ডিগ্রি) টেক্কা দিয়েছে। অন্যদিকে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা বছরের এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা।

Related Articles