সুপ্রিম নির্দেশে ভোটার তালিকার ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র তালিকা প্রকাশ করল কমিশন
অসঙ্গতিগুলিকেই ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
Truth Of Bengal: সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর অবশেষে ভোটার তালিকার ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ সংক্রান্ত বিস্তারিত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। দীর্ঘদিন ধরে রাজ্য জুড়ে যে সব অসঙ্গতি নিয়ে বিতর্ক চলছিল, এ বার সেগুলিকেই লিখিত ভাবে প্রকাশ্যে আনল কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকা সংশোধনের সময়ে একাধিক ক্ষেত্রে বয়স, জন্মতারিখ ও নথিতে দেওয়া তথ্যের মধ্যে গরমিল ধরা পড়ে। সেই অসঙ্গতিগুলিকেই ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে শুনানির সময় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানায়, এই ধরনের অসঙ্গতির কারণে কোনও ভোটারকে যেন অযথা হয়রানি না করা হয় এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও যুক্তিসঙ্গত হতে হবে। আদালতের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতেই কমিশনের তরফে জানানো হয়েছে, প্রকাশিত তালিকার ভিত্তিতেই পরবর্তী শুনানি ও যাচাই প্রক্রিয়া চলবে।
সংশ্লিষ্ট ভোটাররা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশনের অন্দরমহলের একাংশের মতে, এই তালিকা প্রকাশের ফলে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে। পাশাপাশি ভবিষ্যতে এই সংক্রান্ত আইনি জটিলতাও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।






