Bhubaneswar Bar Fire: ভুবনেশ্বরে বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক
দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
Truth of Bengal: ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের সত্য বিহার এলাকায় শুক্রবার সকালে একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বারের উপর তলা থেকে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী দেখা যায়, যা দেখে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পদক্ষেপের ফলে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন যাতে আশেপাশে ছড়িয়ে না পড়ে, সেইদিকে বিশেষ নজর দেওয়া হয়েছিল। দমকলের তৎপরতায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
Major Fire breaks out at a bar in Satya Vihar, Bhubaneswar.
Incidents like this highlight the urgent need for strict fire safety enforcement across the city.
— Manas Muduli (@manas_muduli) December 12, 2025
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট না অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাম্প্রতিক গোয়ার নাইটক্লাবের মর্মান্তিক ঘটনার আবহে ভুবনেশ্বরের এই অগ্নিকাণ্ড রেস্তোরাঁ ও বারে অগ্নি-সুরক্ষা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। গোয়ার সেই ঘটনায় বৈদ্যুতিক আতশবাজির কারণে আরপোরায় একটি নাইটক্লাবে আগুন লেগে ২৫ জনের মৃত্যু হয়েছিল। পরবর্তীকালে ক্লাবটিতে অগ্নি-সুরক্ষার ক্ষেত্রে মারাত্মক ত্রুটি ছিল বলে জানা যায়। ক্লাবের সজ্জায় দাহ্য পদার্থের প্রচুর ব্যবহারকেই এই প্রাণহানির কারণ বলে মনে করা হচ্ছে, যেখানে কোনও কার্যকর অগ্নি নির্বাপক যন্ত্রও পাওয়া যায়নি।






