দুর্গাপুরে ডাম্পারের ধাক্কায় অষ্টম শ্রেণির ছাত্রী জখম, এলাকায় বিক্ষোভ
ভারি ট্রাক ও ডাম্পারের অবাধ যাতায়াত বন্ধের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী।
Truth Of Bengal: সনাতন গরাই,দুর্গাপুর: দুর্গাপুরে ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম অষ্টম শ্রেণির ছাত্রী জয়শ্রী বাউরী। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তেজনা ছড়াল এস এন ব্যানার্জি রোডে। ভারি ট্রাক ও ডাম্পারের অবাধ যাতায়াত বন্ধের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে সাইকেল চেপে স্কুলে যাচ্ছিল জয়শ্রী। সেই সময় হেতেডোবা শিল্পতালুকে যাওয়া এক মালবাহী ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
বিক্ষোভকারী সঞ্জয় গড়াই বলেন, রোজই ভারি গাড়ি এই রাস্তায় চলাচল করে। শনিবার জয়শ্রী দুর্ঘটনার শিকার হয়েছে, কাল আমাদের বাড়ির কেউ হতে পারে। দিনের বেলায় ভারি ট্রাক চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি ক্ষতিপূরণ ও নিরাপত্তার আশ্বাস না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ ও সাব ট্রাফিক গার্ডের দল। পুলিশের হস্তক্ষেপে প্রায় দু’ঘণ্টা পর অবরোধ ওঠে। আহত জয়শ্রীর চিকিৎসা চলছে।






