শীত পড়তেই ডিমের দাম বৃদ্ধি, চিন্তায় মধ্যবিত্তরা
বিশেষ করে শিশুদের পুষ্টির জন্য অপরিহার্য এই খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি চিন্তায় ফেলেছে অভিভাবকদেরও।
Truth Of Bengal: সুমন মন্ডল, ঘাটাল: শীত পড়তেই হঠাৎই আগুন লেগেছে ডিমের দামে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে হুহু করে। ফলে সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত—সব পরিবারের রান্নাঘরেই পড়েছে বাড়তি চাপ।গত সপ্তাহেও বাজারে ডিমের দাম ছিল প্রতি পিস ৬–৬.৫০ টাকা, প্রতি ট্রে (৩০টি)১৮৫–১৯০ টাকা। আর এখন এক এক ধাক্কায় এখন ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে, ডিমের প্রতি পিসের দাম ৮ টাকা, প্রতি ট্রে ২২৫ টাকা। এই হঠাৎ মূল্যবৃদ্ধিতে নাজেহাল হয়ে পড়েছে সাধারণ ক্রেতারা।
দোকানদারদের দাবি, দাম বেড়ে যাওয়ার পর থেকেই ক্রেতারা আগের মতো ডিম কিনছেন না।যার দশটি ডিমের প্রয়োজন, তিনি এখন কিনছেন পাঁচটি।মধ্যবিত্ত পরিবারে বাড়তি খরচের চাপ স্পষ্ট।ডিম সুলভ ও পুষ্টিকর হওয়ায় নিম্ন আয়ের পরিবার, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুলের মিড-ডে-মিল সব জায়গাতেই ডিমের চাহিদা বেশি।কিন্তু দাম বাড়ায় অনেক পরিবারের রোজকার পাতে ডিম রাখতে হিমশিম খেতে হচ্ছে।
বিশেষ করে শিশুদের পুষ্টির জন্য অপরিহার্য এই খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি চিন্তায় ফেলেছে অভিভাবকদেরও। ডিমের দামে এই আকস্মিক বৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন খরচে বড় ধাক্কা দিয়েছে। শীতের মরসুমে আর কতটা বাড়বে দাম—এখন সেই আশঙ্কাই ঘিরে ধরছে ক্রেতাদের।






