দেশ

Pahalgam Shooting: পহেলগাঁওয়ে শুরু হল তেলুগু কমেডি ছবির শুটিং

মঙ্গলবার পহেলগাঁওয়ে শুরু হয়েছে একটি তেলুগু কমেডি ছবির শুটিং।

Truth of Bengal: পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সেই ভয়াবহ জিপ লাইন দুর্ঘটনার স্মৃতি এখনও দেশবাসীর মনে টাটকা। আর এবার  সেখানেই ফিরল  পুরানো ছবি। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগাঁও ফের ফিরছে পুরনো ছন্দে। গত এপ্রিল মাসে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল বৈসরন উপত্যকার এই অঞ্চল। দীর্ঘ ছ’মাস বন্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার থেকে আবার শুরু হল ছবির শুটিং— যা এলাকাবাসী ও পর্যটন শিল্প, দুইয়ের কাছেই এক আশার বার্তা।

মঙ্গলবার পহেলগাঁওয়ে শুরু হয়েছে একটি তেলুগু কমেডি ছবির শুটিং। ছবির পরিচালক বিমল কৃষ্ণ, যিনি অতীতে ‘জেসি’ ও ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ছবির জন্য খ্যাতি পেয়েছেন। তিনি বলেন, পহেলগাঁও কাণ্ডের পর আমরা প্রথম এখানে শুটিং করতে এলাম। আমি দৃঢ়ভাবে বলতে পারি, কাশ্মীর এখন ১০০ শতাংশ নিরাপদ। স্থানীয় মানুষ থেকে প্রশাসন  সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।বিমল জানান, তাঁর ছবির জন্য তিনি এমন এক মনোরম জায়গা খুঁজছিলেন যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সেই কারণেই শেষমেশ কাশ্মীরকেই বেছে নেন। পরিচালক আরো বলেন,  ‘জুলাই মাসে যখন এলাকা পরিদর্শনে এসেছিলাম, তখনই বুঝেছিলাম— এখানকার মানুষ অসাধারণ আতিথেয়তাপূর্ণ। সরকার ও নিরাপত্তাবাহিনীও যথেষ্ট সাহায্য করেছেন’।

২২ এপ্রিলের জঙ্গিহানার পর নিরাপত্তার কারণে বন্ধ ছিল পহেলগাঁওয়ের বহু পর্যটনকেন্দ্র। সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে সেগুলি খুলে দেওয়া হয়েছে। বর্তমানে আরু ভ্যালি, র‌্যাফটিং পয়েন্ট ইয়ান্নের, আক্কাদ পার্ক, কামান পোস্ট, দাগন টপ, রামবন, রিয়াসি-সহ জনপ্রিয় স্থানগুলোয় ফের বাড়ছে পর্যটকের ভিড়।সেই আবহেই পহেলগাঁওয়ে শুরু হল নতুন ছবির শুটিং, যা স্থানীয়দের আশা— ফের ঘুরে দাঁড়ানোর পথে এগিয়ে নিয়ে যাবে এই উপত্যকাকে।উল্লেখ্য, গত ২২ এপ্রিল অনন্তনাগের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ২৬ জন পর্যটক। নিহতদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা ছাড়া বাকিরা সকলেই পর্যটক। নেপালের এক পর্যটকেরও মৃত্যু হয় ওই জঙ্গিহানায়।  পহেলগাঁওয়ের বৈসনর উপত্যকায় জঙ্গিদের হত্যালীলার পরে নিরাপত্তাজনিত কারণে জম্মু ও কাশ্মীরের ৪৮টি পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বার সেগুলি ধাপে ধাপে খুলে দিয়েছে প্রশাসন।  এই আবহে বৈসরন উপত্যকায়  চালু হয়েছে রোপওয়ে। আর এবার বৈসরন উপত্যকায় শুরু হল সিনেমার শুট্যিং।

Related Articles