দেশ

Narendra Modi: বিক্রান্তে দীপাবলি! জওয়ানদের মাঝে মোদি, পাকিস্তানকে কড়া বার্তা

পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বদেশী প্রযুক্তিতে তৈরি এই বিমানবাহী রণতরী ‘অপারেশন সিন্দূর’-এর সময় প্রতিবেশী দেশকে "ঘুমহীন রাত" কাটাতে বাধ্য করেছিল।

Truth of Bengal: গোয়া এবং কারওয়ার উপকূলের কাছে অবস্থানরত আইএনএস বিক্রান্ত-এ নৌবাহিনীর কর্মীদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এই দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরীতে এসে জওয়ানদের সাথে উৎসবে সামিল হন তিনি।

পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বদেশী প্রযুক্তিতে তৈরি এই বিমানবাহী রণতরী ‘অপারেশন সিন্দূর’-এর সময় প্রতিবেশী দেশকে “ঘুমহীন রাত” কাটাতে বাধ্য করেছিল। তিনি জোর দিয়ে বলেন, “তিনটি বাহিনীর মধ্যে অসাধারণ সমন্বয় পাকিস্তানকে অপারেশন সিন্দূরের সময় আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। বিক্রান্ত ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেড ইন ইন্ডিয়া’র এক বিশাল প্রতীক। আমাদের লক্ষ্য ভারতকে বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা রপ্তানিকারকদের মধ্যে অন্তর্ভুক্ত করা।” উল্লেখ্য, পাকিস্তানে আশ্রয় নেওয়া সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর হামলার পর মে মাসে আরব সাগরে ভারতীয় নৌবাহিনীকে মোতায়েন করা হয়েছিল।

প্রধানমন্ত্রী নৌবাহিনী এবং এই রণতরীর ভূয়সী প্রশংসা করে একে আত্মনির্ভরতা বা ‘আত্মনির্ভর ভারত’-এর প্রতীক হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে স্বদেশীকরণকে এগিয়ে নিয়ে যেতে থাকবে। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “আজ একদিকে আমার সামনে অনন্ত দিগন্ত, অফুরন্ত আকাশ, আর অন্যদিকে রয়েছে এই বিশাল আইএনএস বিক্রান্ত, যা অসীম শক্তির প্রতিমূর্তি। সমুদ্রের জলের উপর সূর্যরশ্মির দ্যুতি যেন আমাদের সাহসী জওয়ানদের জ্বালানো দীপাবলির প্রদীপের মতো।” বিক্রান্ত-এ থাকা নাবিকদের মধ্যে “অপার শক্তি এবং উৎসাহ” অনুভব করার কথা জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, “গতকাল যখন আমি আপনাদের দেশাত্মবোধক গান গাইতে দেখলাম এবং আপনাদের গানে যেভাবে অপারেশন সিন্দূরের বর্ণনা ছিল, একজন জওয়ান যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যে অভিজ্ঞতা লাভ করেন, তা কোনো শব্দে পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়।”

২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী মোদি প্রতি বছর সশস্ত্র বাহিনীর কর্মীদের সাথে দীপাবলি উদযাপন করে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বছর তিনি লাদাখের সিয়াচেন হিমবাহে গিয়েছিলেন। পরের বছর ১৯৬৫ সালের ভারত-পাক যুদ্ধের বীরদের শ্রদ্ধা জানাতে পাঞ্জাবের অমৃতসরের ডোগরাই যুদ্ধ স্মারকে সময় কাটান তিনি।