অখিলেশের ফেসবুক সাসপেন্ড নিয়ে তীব্র বিতর্ক
বিজেপি সরকার দেশে অঘোষিত জরুরি অবস্থা জারি করেছে, বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে।
Truth Of Bengal: উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে চরম অভিযোগ তুলেছে বিরোধী দল সমাজবাদী পার্টি৷ সমাজবাদী পার্টি (সপা)-র অভিযোগ, দলের প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর সেই ঘটনার জন্য সরাসরি বিজেপি সরকারকেই দায়ী করেছে সপা। এর ফলে উত্তরপ্রদ রাজনৈতিক মহলে চরম উত্তেজনা তৈরি হয়েছে। সমাজবাদী পার্টি এটিকে সরাসরি গণতন্ত্রের উপর আক্রমণ বলে অভিযোগ করেছে৷
দলের একাধিক নেতা এই ঘটনাকে গণতন্ত্রের উপর সরাসরি আঘাত বলে চিহ্নিত করেছেন। সমাজবাদী নেতা ফকরুল হাসান চাঁদ এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, দেশের তৃতীয় বৃহত্তম দলের নেতা অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করা গণতন্ত্রের উপর আক্রমণ। বিজেপি সরকার দেশে অঘোষিত জরুরি অবস্থা জারি করেছে, বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে।
তিনি আরও বলেন, অখিলেশের অ্যাকাউন্ট দ্রুত পুনরুদ্ধার না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।একই সুরে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সমাজবাদী পার্টির জাতীয় সম্পাদক রাজীব রাই। তিনি এক্স পোস্টে লেখেন,উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দেশের তৃতীয় বৃহত্তম দলের নেতার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করা শুধু নিন্দনীয় নয়, এটি ভারতের গণতান্ত্রিক কাঠামোয় আঘাত। বিজেপি এই কাজ করে মারাত্মক ভুল করেছে।এছাড়াও সপা বিধায়ক পূজা শুক্লা এবং পবন পাণ্ডে সহ দলের আরও কয়েকজন নেতা বিজেপির বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ চালানোর অভিযোগ তুলেছেন।তবে অখিলেশ যাদবের ফেসবুক সাসপেন্ড হওয়ার বিষয়ে বিজেপি বা ফেসবুক কর্তৃপক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।সপা-র দাবি, এই পদক্ষেপ প্রমাণ করছে দেশে বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা চলছে, এবং দল সেই বিরোধিতার লড়াই আরও জোরদার করবে।




