কলকাতা

SIR NRC Clash: এসআইআর নয়, এনআরসি-র চক্রান্ত! আগুন নিয়ে খেলবেন না, নবান্ন থেকে হুঁশিয়ারি মমতার

মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "তাড়াহুড়োয় কাজ করতে গিয়ে যদি কোনও সম্প্রদায়ের কোনও নাগরিকের নাম বাতিল হয়, তাহলে বলব, আগুন নিয়ে খেলবেন না।

Truth of Bengal: রাজ্যে এসআইআর (Socio-Economic and Religious Census)-এর প্রস্তুতি শুরু হতেই তীব্র বিরোধিতা করে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে সরাসরি সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, এই প্রক্রিয়ার আড়ালে রাজ্যে এনআরসি (National Register of Citizens) চাপানোর চেষ্টা চলছে (SIR NRC Clash)।

মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “তাড়াহুড়োয় কাজ করতে গিয়ে যদি কোনও সম্প্রদায়ের কোনও নাগরিকের নাম বাতিল হয়, তাহলে বলব, আগুন নিয়ে খেলবেন না।” তিনি রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতির কথা তুলে ধরে প্রশ্ন তোলেন, “এখন বাংলায় দুর্যোগ পরিস্থিতি। বন্যায় মানুষের ঘরবাড়ি, কাগজপত্র সব ভেসে গিয়েছে। কোথা থেকে মানুষ কাগজ দেবে?” সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সম্প্রতি নদিয়ার দুই নাগরিকের পুজোর মধ্যে এনআরসি নোটিস পাওয়ার তথ্য তুলে ধরেন। তিনি প্রশ্ন তোলেন, “এসআইআরের নামে কেন এনআরসি নোটিস পাঠাল? কোন অধিকারে বাংলার মানুষকে অসম সরকার এই নোটিস পাঠাচ্ছে?”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “সামনে এসআইআর আর পিছনে কী? এনআরসি করবেন গায়ের জোরে? পারবেন না কোনোদিন।” তাঁর স্পষ্ট অভিযোগ, এসআইআর-এর নামে আসলে ভোট কাটার ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধেও তোপ দাগেন। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সংস্থাগুলিকে ‘গৈরিকীকরণের’ (Saffronisation) চেষ্টা চলছে। শান্তনু ঠাকুর আগেই প্রকাশ্যে বলেছিলেন যে এই প্রক্রিয়ায় দেড় কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এসআইআর-এর কাজ শুরু হওয়ার আগেই একজন কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে এই ধরনের কথা বলতে পারেন (SIR NRC Clash)

শান্তনু ঠাকুরের মন্তব্যকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “সবকিছুর পিছনে কি মীরজাফরের সিদ্ধান্ত? উনি যা বলবেন, তাই হবে?” প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী এর আগের দিন, বুধবারও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘মীরজাফর’ বলে আক্রমণ করেছিলেন এবং আজকের মন্তব্যে তিনি সেই কথাই ফের উল্লেখ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে বঞ্চনার অভিযোগে বিঁধে বলেন, “আপনারা বাংলার বকেয়া দেন না, বাংলাকে সবক্ষেত্রে বঞ্চিত করেন আর ভোট এলেই আপনাদের টাকা বেরয় (SIR NRC Clash)!”

Related Articles