দেশ

মুসলিমদের একজন নেতাও নেই! বিহার বিধানসভা নির্বাচনের আগে বিস্ফোরক ওয়াইসি

তিনি দাবি করেন যে বিহারে ১৯ শতাংশ মুসলমান রয়েছেন, কিন্তু কোনও নেতা নেই তাঁদের।

Truth Of Bengal: আর ঠিক ১ মাস পরই নীতিশ গড় বিহারে হবে বিধানসভা নির্বাচন। দুই দফায় হবে এবারের ভোট – ৬ এবং ১১ নভেম্বর। ফলাফল ঘোষণা হবে ১৪ তারিখে। সুতরাং শেষ মুহূর্তে প্রচারে যে সমস্ত দলই নিজেদের সবটা দিয়ে দেবে, তা না বললেও চলে। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন এমিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। কী বক্তব্য তাঁর? তিনি দাবি করেন যে বিহারে ১৯ শতাংশ মুসলমান রয়েছেন, কিন্তু কোনও নেতা নেই তাঁদের।

আসাদউদ্দিন ওয়াইসি বলেন, “যাদব, পাসওয়ান, ঠাকুর… নেতা রয়েছে সব সম্প্রদায়ের। কিন্তু নেতা নেই রাজ্যের ১৯ শতাংশের মুসলিমের একজন।” বলে রাখা ভালো, গত বিধানসভা নির্বাচনে বিহারবাসীদের রীতিমত চমকে দিয়েছিল আসাদউদ্দিন ওয়াইসির দল। ২০২০ সালের নির্বাচনে নিজেদের ঝুলিতে তারা মোট ৫টি আসন তুলেছিল। যদিও পড়ে সেই সংখ্যা কমে যায় কারণ তাঁদের মধ্যে ৪ জন বিধায়ক ধরেন লালু-তেজস্বীদের দল আরজেডির পতাকা। এক কথায় বলতে গেলে, গতবার তাক লাগিয়ে দিয়েছিল এমিম।

প্রসঙ্গত, এবার ইন্ডিয়া জোটের শরিক হতে চেয়েছিলেন আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর দলের তরফ থেকে ৩ বার চিঠি পর্যন্ত দেওয়া হয় আরজেডিকে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। জোটে জায়গা না পেয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি এবং একা হাঁটার সিদ্ধান্ত নেন। যদিও আরজেডি ও কংগ্রেসের কোনও সমস্যা ছিল না ওয়াইসির দলকে নিয়ে। সমস্যা ছিল বামেদের। সেই কারণেই এমিমকে জোটসঙ্গী করতে চায়নি আরজেডি। রাজনৈতিক মহলের মতে এমিমকে জোটসঙ্গী করলে বাড়তি সুবিধা পেতে পারত বিরোধী জোট।

Related Articles