রাজ্যের খবর

Birbhum: ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার তিন দুষ্কৃতী  

তাদের গতিবিধি লক্ষ্য করে পুলিশের সন্দেহ হয় যে তারা কোনো অসৎ উদ্দেশ্যে জড়ো হয়েছে

Truth of Bengal: বীরভূম (Birbhum) জেলার মল্লারপুর থানার পুলিশের তৎপরতায় বড়সড় এক ডাকাতির ছক ভেস্তে গেল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে মল্লারপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটে মল্লারপুর থেকে সাঁইথিয়া যাবার রাস্তায়, কান্দিয়ারা ব্রিজের কাছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন দুষ্কৃতী গভীর রাতে কান্দিয়ারা ব্রিজের আশেপাশে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। তাদের গতিবিধি লক্ষ্য করে পুলিশের সন্দেহ হয় যে তারা কোনো অসৎ উদ্দেশ্যে জড়ো হয়েছে। এরপর মল্লারপুর থানার পুলিশ গোপনে অভিযান চালিয়ে ওই তিনজনকে পাকড়াও করে। ধৃতদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সদুত্তর দিতে ব্যর্থ হয়। এরপরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে তল্লাশি চালায় এবং ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু বিপজ্জনক সরঞ্জাম। এর মধ্যে ছিল ধারালো ছুরি, ভোজালি, লোহার রড, লোহার চেন সহ আরও কিছু অস্ত্রসজ্জা।

[আরও পড়ুনঃ Gopalpur Gangrape Case: গোপালপুর সৈকতে নারকীয় ঘটনা- ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ!]

পুলিশের প্রাথমিক অনুমান, ওই তিনজন বড়সড় ডাকাতির পরিকল্পনা করছিল এবং তারা রাস্তায় চলাচলকারী গাড়ি বা মানুষজনের উপর হামলা চালিয়ে লুটপাটের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। ঘটনাস্থল থেকে ধৃতদের মল্লারপুর (Birbhum) থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন ধৃত তিনজনকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে তাদের হেফাজতের আবেদন করা হতে পারে, যাতে আরও বিস্তারিত তদন্ত করে এই চক্রে আর কারা জড়িত তা জানা যায়।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

স্থানীয় বাসিন্দারা মল্লারপুর থানার এই তৎপরতার প্রশংসা করেছেন। পুলিশের এমন সক্রিয়তা না থাকলে হয়তো বড়সড় একটি অপরাধ ঘটে যেতে পারত বলে মনে করছেন এলাকাবাসী। মল্লারপুর থানার আধিকারিক জানিয়েছেন, এলাকার নিরাপত্তা বজায় রাখতে তারা নিয়মিত গোপন সূত্রে নজরদারি চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই ধরনের অপরাধ দমনে পুলিশ সদা প্রস্তুত থাকবে।

Related Articles