বজ্র বিদ্যুৎ সহ ঝড় ও শিলাবৃষ্টি, মাথায় হাত কৃষকদের
Thunderstorms and hailstorms worry farmers

Truth Of Bengal: বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কালো মেঘে ঢাকা রয়েছে আকাশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে আগামী তিন দিন অর্থাৎ ১৫ ই মার্চ পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ডুয়ার্সের মেটেলি, জলপাইগুড়িতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। আর তাতে চিন্তায় পড়েছে কৃষকেরা।
কারণ, এই সময় জোর কদমে চলছে জমি থেকে আলু তোলার কাজ। এখনো প্রচুর জমিতে আলু সহ ফুলকপি, বাঁধাকপি , টমেটো সহ বিভিন্ন ফসল রয়েছে। স্বাভাবিকভাবেই এ সময় ঝড়-বৃষ্টি, বিশেষ করে শিলাবৃষ্টি হলে ক্ষতি হতে পারে সেইসব ফসলের। তাতেই চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে।
তবে অনেকে মনে করছে হালকা বৃষ্টি হলে সুবিধা হবে। কেননা দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় মাটি সহ কৃষি জমি শুকিয়ে গেছে। পাশাপাশি হালকা বৃষ্টি হলে গাছপালার সুবিধা হবে এবং ধূলো অনেকটা কমবে। বলা বাহুল্য, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পুন্ডিবাড়ী আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস অনুসারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বুধবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই পূর্বাভাসকে সত্যি করে এদিন সকাল থেকে শুরু হয়েছে হালকা বৃষ্টি।





