ভোট প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব কে চিঠি, পরিকাঠামো নিয়ে নবান্নের উত্তর চাইলে কমিশন
কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ না আসায় বদলির আবেদন ঝুলেই থাকছে বলে প্রশাসনিক মহলে মত।
Truth of Bengal: বিধানসভা ভোটের প্রস্তুতি ঘিরে প্রশাসনিক স্তরে টানাপড়েন স্পষ্ট। অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচনে অবজার্ভারের দায়িত্বে থাকা ৯ জন আইএএস ও ৮ জন আইপিএস আধিকারিকের বদলি চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল নবান্ন। স্বরাষ্ট্রসচিব-সহ মোট ৮ জন আইএএস এবং ৮ জন আইপিএস আধিকারিকের বদলি চাওয়া হলেও এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনও লিখিত উত্তর মেলেনি।কমিশন সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতিতেও আগামী ৫ তারিখ থেকে শুরু হতে চলা প্রশিক্ষণে সংশ্লিষ্ট আধিকারিকদের যোগ দিতেই হবে। কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ না আসায় বদলির আবেদন ঝুলেই থাকছে বলে প্রশাসনিক মহলে মত।
এদিকে বিধানসভা ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই চিঠিতে রাজ্যের বুথগুলির পরিকাঠামোর বর্তমান অবস্থা জানতে চাওয়া হয়েছে। কোন কোন বুথে পরিকাঠামো বদলের প্রয়োজন, কী কী উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া দরকার— সে সব বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে নবান্নের কাছে।
অন্যদিকে, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হবে বলে আশাবাদী মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। কমিশন সূত্রের খবর, এখনও পর্যন্ত রাজ্যে এসআইআর শুনানি হয়েছে প্রায় ১ কোটি ২০ লক্ষেরও বেশি ভোটারের। শুনানির জন্য নোটিস ইস্যু করা হয়েছে মোট ১ কোটি ৫১ লক্ষ ভোটারকে।
যদিও শুনানি প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে, তবে নথি আপলোডের সময়সীমা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। এখনও পর্যন্ত শুনানি হওয়া ভোটারদের মধ্যে ৯৫ লক্ষের তথ্য আপলোড করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫৫ লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে বলেই কমিশন সূত্রে জানা গিয়েছে।





