কলকাতারাজ্যের খবর

এখনই পিছু ছাড়ছে না শীত! ভ্যালেন্টাইনস ডে-র আগে আবহাওয়ার বড় চমক!

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গত কয়েক দিনে তাপমাত্রার ওঠানামা চোখে পড়লেও, বর্তমানে উত্তুরে হাওয়ার প্রভাব ফের বাড়ছে।

Truth of Bengal: ফেব্রুয়ারির ক্যালেন্ডার বসন্তের আগমনের ইঙ্গিত দিলেও, বাংলার আকাশে এখনই শীত বিদায়ের ঘোষণা নেই। হাড়কাঁপানো ঠান্ডা না থাকলেও সকালের কুয়াশা আর রাতের ঠান্ডা হাওয়ায় এখনও স্পষ্ট শীতের ছোঁয়া। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—রাজ্য জুড়েই শীতপ্রেমীদের জন্য মিলছে স্বস্তির বার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত ঝোড়ো প্রত্যাবর্তন না ঘটালেও শীত মাঠ ছাড়ছে না। মাঘ মাসের শেষ প্রান্তে দাঁড়িয়েও তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। আগামী অন্তত এক সপ্তাহ রাজ্যজুড়ে আবহাওয়া মোটামুটি স্থিতিশীল থাকবে বলেই পূর্বাভাস। অর্থাৎ ভোরের কুয়াশা আর সন্ধ্যার পর শিরশিরে ঠান্ডা এখনও সঙ্গী হবে বাঙালির দৈনন্দিন জীবনে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গত কয়েক দিনে তাপমাত্রার ওঠানামা চোখে পড়লেও, বর্তমানে উত্তুরে হাওয়ার প্রভাব ফের বাড়ছে। এর জেরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও আশঙ্কা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা থেকে শুরু করে বাঁকুড়া ও পুরুলিয়া—সব জায়গাতেই আবহাওয়া থাকবে শুষ্ক ও মনোরম। দিনের বেলায় রোদের তেজ কিছুটা বাড়লেও, ছায়ায় গেলেই বা বিকেলের পর ফের টের পাওয়া যাবে শীতের আমেজ। তবে এই আরামদায়ক আবহাওয়ার মাঝেই চিন্তা বাড়াচ্ছে কুয়াশা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে ভোরের দিকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে শীতের দাপট তুলনামূলকভাবে বেশি থাকছেই। দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকলেও, ঘন কুয়াশা বড় সমস্যা হয়ে উঠতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি ও কোচবিহারে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারের কাছাকাছি। এই পরিস্থিতিতে যান চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে পাহাড়ি এলাকাতেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দপ্তরের মতে, আগামী সাত দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না হলেও তার পর থেকেই ধীরে ধীরে পাল্টাতে শুরু করবে আবহাওয়ার চরিত্র। পারদ ঊর্ধ্বমুখী হবে এবং শীত ধীরে ধীরে বিদায় নিতে শুরু করবে। ফলে শীতের এই শেষ পর্ব উপভোগ করার সুযোগ হাতে রয়েছে আর মাত্র কয়েক দিন।

Related Articles