রাজ্যের খবর

ভোটের আগে সংগঠনকে জোরদার করার লক্ষ্যে বাঁকুড়ায় বৈঠকে তৃণমূল

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন কারণে দলের প্রতি অভিমান করে অনেক কর্মীই দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন।

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করতে পুরনো কর্মীদের ফের সক্রিয় করার উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। নানা কারণে দীর্ঘদিন ধরে দল থেকে দূরে সরে থাকা কর্মীদের অভিমান ভাঙিয়ে আবার ভোটের ময়দানে নামাতে বাঁকুড়া তৃণমূল ভবনে বৈঠক করল জেলা নেতৃত্ব।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন কারণে দলের প্রতি অভিমান করে অনেক কর্মীই দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। আসন্ন নির্বাচনের আগে তাঁদের আবার সংগঠনের মূল স্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে জেলা নেতৃত্ব। সেই লক্ষ্যেই বাঁকুড়া তৃণমূল ভবনে পুরনো কর্মীদের ডেকে নিয়ে একাধিক বৈঠক করা হচ্ছে। সেখানে দলের জেলা সভাপতি সহ শীর্ষ নেতৃত্ব কর্মীদের সঙ্গে আলোচনা করে তাঁদের অভিমান ভাঙানোর চেষ্টা করছেন।

জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, পুরনো ও নতুন কর্মীদের একসঙ্গে মাঠে নামিয়েই আগামী নির্বাচনে জয়ের লক্ষ্যে এগোতে চায় দল। তাঁদের কথায়, সংগঠনকে আরও শক্তিশালী করতে সকলকে সঙ্গে নিয়ে লড়াই করাই এখন প্রধান লক্ষ্য। তবে তৃণমূলের এই উদ্যোগকে কটাক্ষ করেছে বিজেপি। দলের প্রাক্তন সাংসদ  সুভাষ সরকার  বলেন, যারা কাটমানির ভাগ না পেয়ে দল থেকে দূরে সরে গিয়েছিল, তাদের আবার ভাগ দেওয়ার জন্যই ডাকা হচ্ছে। এই দলে কোনও আদর্শ নেই, শুধু কাটমানি ভাগ-বাটোয়ারার রাজনীতি চলছে। যদিও বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি, সংগঠনকে আরও শক্তিশালী করে মানুষের পাশে থাকার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Articles