রাজ্যের খবর

তিরুপতি এক্সপ্রেসের সঙ্গে অন্য ট্রেনের ধাক্কা, লাইনচ্যুত তিনটি বগি, বন্ধ ট্রেন চলাচল

Tirupati Express collides with another train, three coaches derail, train services suspended

Truth Of Bengal: রবিবার প্রজাতন্ত্র দিবস। সারা দেশজুড়ে চলছে এই দিনের উদযাপন। সেই উদযাপনের দিনেই ঘটে গেল এক দুর্ঘটনা। এমনই ঘটনা ঘটেছে, হাওড়ার পদ্মপুকুর রেলের লেভেল ক্রসিং এর কাছে। আনুমানিক সকাল ৯:১৫ নাগাদ দুটি দূরপাল্লার ট্রেন ইয়ার্ডে ঢোকার সময় লাইনচ্যুত হয়ে যায়। ফলে দুটি ট্রেনের কামরা পাশাপাশি গায়ে হেলে পড়ে।

জানা যায়, পদ্মপুকুর স্টেশনের কাছে তিরুপতি এক্সপ্রেসের সঙ্গে অন্য একটি এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। যার জেরেই আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে শালিমার-সাঁতরাগাছি লাইনে। তিরুপতি এক্সপ্রেস যাচ্ছিল শালিমারের উদ্দেশ্যে। সেই সময় অন্য এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। তিরুপতির দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। সাথে অন্য এক্সপ্রেস ট্রেনটির একটি বগিও লাইনচ্যুত হয়ে পড়ে।

এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়ারেরা এসে পৌঁছান। শুরু হয়েছে লাইনচ্যুত হওয়া বগিগুলিকে সরানোর কাজও। তবে ওই দুটি ট্রেনের বগিগুলি খালি থাকায় কোন হতাহতের খবর নেই বলেই জানা গেছে। কিন্তু কী ভাবে এমন ঘটনা ঘটল, সেই নিয়ে উঠছে নানান প্রশ্ন। তাই এই বিষয় নিয়ে সম্পূর্ণ খতিয়ে দেখছে রেলের আধিকারিকেরা। তবে রেল সূত্রের বক্তব্য, শীঘ্রই যাতে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়, সেই চেষ্টাই করছে তারা।