রাজ্যের খবর

কাশ্মীর থেকে মালদায় এল সেনার বুলেটপ্রুফ গাড়ি, ভোটের আগে নিশ্ছিদ্র নিরাপত্তা

এই সক্রিয়তা অশান্তি রুখতে ইতিবাচক প্রভাব ফেলবে

Truth Of Bengal: নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার পারদ চড়ছে মালদা জেলায়। সাম্প্রতিক একাধিক অশান্তিকর পরিস্থিতির কথা মাথায় রেখে জেলায় নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দিল প্রশাসন। বুধবার মালদা শহরের ডিএসএ ময়দানে এসে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনীর বিশেষ ‘মিডিয়াম বুলেটপ্রুফ ভেহিকেল’। বিশেষ এই সাঁজোয়া গাড়িটি সরাসরি জম্মু ও কাশ্মীর থেকে মালদায় আনা হয়েছে বলে জানা গেছে।

মূলত এসআইআর ইস্যুকে কেন্দ্র করে গত কয়েক দিনে মালদার মোথাবাড়ি ও সুজাপুর এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। পরিস্থিতি চরমে পৌঁছায় যখন কালিয়াচক ২ নম্বর ব্লক দফতরে সাতজন জুডিশিয়াল অফিসারকে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ ওঠে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করলেও, সেই সময় নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা এবং রাস্তা অবরোধের মতো ঘটনা ঘটে। এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, স্পর্শকাতর এলাকাগুলোতে অভিযান চালানোর সময় জওয়ানদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বুলেটপ্রুফ গাড়ি মোতায়েন করা হয়েছে। কোনো এলাকায় চরম উত্তেজনা বা সশস্ত্র হামলার পরিস্থিতি তৈরি হলে এই গাড়িতে করেই অভিযান চালাবে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশে মালদার নিরাপত্তা বলয় যে আরও নিশ্ছিদ্র করা হচ্ছে, এই বিশেষ গাড়িটির আগমন তারই ইঙ্গিত দিচ্ছে। জেলাবাসীর মতে, ভোটের আগে মালদায় কেন্দ্রীয় বাহিনীর এই সক্রিয়তা অশান্তি রুখতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Related Articles