রাজ্যের খবর

লক্ষ্মীকান্তপুর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড! মাথায় হাত ব্যবসায়ীদের, ঘটনাস্থলে বিধায়ক

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে লক্ষ্মীকান্তপুর বাজারে হঠাৎই আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

Truth Of Bengal: গভীর রাতে বিধ্বংসী আগুনের গ্রাসে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার অন্তর্গত লক্ষ্মীকান্তপুর বাজার। এই অগ্নিকাণ্ডে বাজারের বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে লক্ষ্মীকান্তপুর বাজারে হঠাৎই আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুনের শিখা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার ও জয়নগর থেকে দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ফলে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে আজ লক্ষ্মীকান্তপুর বাজারে পৌঁছান মন্দিরবাজার বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার। তিনি ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করেন। সর্বস্ব হারানো ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করার জন্য পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেন।

আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এটি শর্ট সার্কিট থেকে লেগেছে নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে মন্দিরবাজার থানার পুলিশ ও দমকল বাহিনী। গভীর রাতের এই অগ্নিকাণ্ডে কর্মসংস্থান হারিয়ে এখন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

Related Articles