কলকাতারাজ্যের খবর

মরসুমের প্রথম কালবৈশাখীতে ভিজল কলকাতা, শিলাবৃষ্টি ও ঝড়ের দাপটে স্বস্তি বঙ্গে

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া অস্থির থাকার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

Truth Of Bengal: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাতে মরসুমের প্রথম কালবৈশাখীর দেখা পেল তিলোত্তমা। রাত সোয়া ন’টা নাগাদ প্রায় ৭২ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়া এই ঝড়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা। কয়েক মিনিটের ঝোড়ো হাওয়া আর শিলাবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও, গত কয়েকদিনের অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিলেছে। ঝড়ের দাপটে এক ধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া অস্থির থাকার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে শ্রীলঙ্কা উপকূল হয়ে কোমোরিন অঞ্চল পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে মঙ্গলবারও দুই ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সাথে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমানসহ বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলি মূলত শুষ্ক থাকবে। তবে ১৯ থেকে ২১ মার্চের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে জানানো হয়েছে। বিশেষ করে শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার খামখেয়ালিপনা বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আজ ও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলতে পারে। এমনকি ২২ মার্চও কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আপাতত আগামী কয়েকদিন রাজ্যজুড়েই এই কালবৈশাখী ও বৃষ্টির দাপট বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।

Related Articles