রাজ্যের খবর

পুলিশের বড়সড় সাফল্য: নয়াগ্রাম ও ডানকুনিতে পৃথক অভিযানে উদ্ধার ৮৭ কেজি গাঁজা

তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Truth Of Bengal: রাজ্যে মাদক পাচারকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম এবং হুগলির ডানকুনিতে পৃথক দুটি অভিযানে মোট ৮৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে ওড়িশা-সীমান্তবর্তী নয়াগ্রাম থানার পুলিশ ডাহি এলাকায় নাকা চেকিং শুরু করে। রাত ১০টা নাগাদ ওড়িশা থেকে খড়্গপুরের উদ্দেশ্যে যাওয়া একটি অটো আটক করা হয়। তল্লাশি চালিয়ে ওই অটো থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ওড়িশার বাসিন্দা বিদ্যাচল সাহানি এবং পরেশ চন্দ্র ভয়কে। এই অভিযানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস এবং নয়াগ্রামের আইসি সুজয় লায়েক। ধৃতদের বুধবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে।

অন্যদিকে, হুগলির ডানকুনি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে হানা দিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিকের ছেলে শেখ হায়দার আলীকে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় এই বেআইনি কারবার চলছিল। নেশার টাকা জোগাড় করতে এলাকার যুবসমাজ চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা। ধৃত যুবককে আজ শ্রীরামপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রামবাসীদের দাবি, পুলিশ যেন ডানকুনির বিভিন্ন ওয়ার্ডে এই তল্লাশি অভিযান জারি রাখে যাতে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা যায়।

Related Articles