রাজ্যের খবর

বৈঠকেই আমলাকে ‘ঘর ছাড়ার’ নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনারের, পাল্টা জবাব পর্যবেক্ষকের

তবে এর পরপরই ওই আমলাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়

Truth Of Bengal: আসন্ন নির্বাচনের প্রস্তুতি বৈঠকে বেনজির সংঘাতের সাক্ষী থাকল জাতীয় নির্বাচন কমিশন। খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে এক প্রবীণ পর্যবেক্ষকের তীব্র কথা কাটাকাটি এবং পাল্টাপাল্টি বাক্যবিনিময়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনার জেরে ওই পর্যবেক্ষককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কমিশন।

কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রস্তুতি নিয়ে পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক অনুরাগ যাদবকে প্রশ্ন করা হয় যে তাঁর অধীনে ঠিক কতগুলি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। অভিযোগ, এই সাধারণ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি অনুরাগবাবু। এতেই অত্যন্ত ক্ষুব্ধ হয়ে জ্ঞানেশ কুমার ভরা সভায় ওই আমলাকে তিরস্কার করে বলেন যে তিনি যেন ঘর থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরে যান।

মুখ্য নির্বাচন কমিশনারের এই কড়া তিরস্কার মুখ বুজে সহ্য করেননি ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আমলা অনুরাগ যাদব। তিনি পাল্টা ক্ষোভ প্রকাশ করে জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে বলেন যে তাঁর সঙ্গে এই ধরনের ব্যবহার করা যায় না এবং তিনি তাঁর কর্মজীবনের দীর্ঘ সময় এই সার্ভিসকে দিয়েছেন। আমলার এই সরাসরি প্রতিবাদের মুখে মুখ্য নির্বাচন কমিশনার কিছুটা স্তব্ধ হয়ে যান বলে বৈঠকে উপস্থিত সূত্রটি জানিয়েছে। তবে এর পরপরই ওই আমলাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পর্যবেক্ষকদের সঙ্গে এই বৈঠকেই পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে অত্যন্ত কড়া অবস্থান স্পষ্ট করেছেন জ্ঞানেশ কুমার। মালদহের মোথাবাড়ির ঘটনার উল্লেখ করে তিনি জানান যে রাজ্যে কোনও ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে অতীতের দাগী অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং পুলিশ পর্যবেক্ষকরা প্রয়োজন মনে করলে যে কোনো সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে পারবেন। এমনকি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে মাত্র ৩০ মিনিটের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী তলব করার ক্ষমতা দেওয়া হয়েছে পর্যবেক্ষকদের। ভোটের আগে খোদ কমিশনের অন্দরে এই বেনজির সংঘাত প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles