DIY AI Robot: সপ্তম শ্রেণির ছাত্রের হাতে রোবট! AI টেকনোলজিতে তাক লাগাল লাভপুরের শেখ মহম্মদ
নিজের হাতের সামান্য সরঞ্জাম, ব্যাটারি, সেন্সর ও সার্কিট ব্যবহার করে ধাপে ধাপে রোবটটি তৈরি করেন সে।
সৌতিক চক্রবর্তী, বীরভূম: প্রযুক্তির যুগে নতুন সম্ভাবনার দিক খুলে দিল মাত্র সপ্তম শ্রেণির এক ছাত্র। লাভপুর ব্লকের বিপ্রটিকুরী গ্রাম পঞ্চায়েতের কুরুম্বা মুকুন্দলাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র শেখ মহম্মদ কর্মশিক্ষা পরীক্ষায় রোবট বানিয়ে তাক লাগিয়ে দিল শিক্ষক-সহপাঠী সবাইকে। ছোট্ট বয়সেই এমন অভিনব উদ্যোগে ইতিমধ্যেই চর্চায় উঠে এসেছে গঙ্গারামপুর গ্রামের এই ছাত্র। পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ইউটিউবে বাংলাদেশের এক কিশোরের রোবট তৈরির ভিডিও দেখেই শেখ মহম্মদের মনে কৌতূহল জাগে—“আমি কি পারব না?” এরপর শুরু হয় নিরলস চেষ্টা, পরীক্ষানিরীক্ষা আর দিনের পর দিন গবেষণা।
নিজের হাতের সামান্য সরঞ্জাম, ব্যাটারি, সেন্সর ও সার্কিট ব্যবহার করে ধাপে ধাপে রোবটটি তৈরি করেন সে।
AI টেকনোলজিকে মাথায় রেখে রোবটটির কিছু বেসিক কমান্ড ও চলাচলের ব্যবস্থা তৈরি করে শেখ মহম্মদ। বিদ্যালয়ের কর্মশিক্ষা পরীক্ষার দিন মডেলটি প্রদর্শন করতেই উপস্থিত শিক্ষকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। ছোট্ট ছাত্রের এমন প্রতিভা দেখে বিস্ময়ে থমকে যায় সবাই। এলাকায় খবর ছড়িয়ে পড়তেই বিপ্রটিকুরী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আয়োজিত হয় এক সংবর্ধনা সভা। গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বিভিন্ন আধিকারিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত থেকে শেখ মহম্মদকে সম্মাননা প্রদান করেন। সমাজসেবী শেখ ইসমাইল জানান, “এমন প্রতিভাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। গ্রামের এই ছেলেটাই একদিন বড় কিছু করবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “শেখ মহম্মদ শুধু প্রতিভাবানই নয়, অত্যন্ত পরিশ্রমী। রোবট তৈরির মাধ্যমে AI প্রযুক্তির প্রতি তার আগ্রহ ভবিষ্যতের পথ দেখায়।” স্থানীয়রা জানিয়েছেন, শেখ মহম্মদের এই উদ্যোগ এলাকায় অন্য ছাত্রদের মধ্যেও নতুন অনুপ্রেরণা জাগাবে। শেখ মহম্মদের স্বপ্ন—আরও উন্নত প্রযুক্তির রোবট তৈরি করে ভবিষ্যতে দেশের নাম উজ্জ্বল করা। অল্প বয়সেই প্রযুক্তির জগতে তার এই সাফল্য গোটা অঞ্চলের গর্ব বাড়িয়েছে।






