Bengal Weather Update: মুড সুইংয়ের মতো আবহাওয়া! অবশেষে শীতের চেনা আমেজ ফিরছে দক্ষিণবঙ্গে
আর কিছুদিন পরেই শীত তার ঝোড়ো ব্যাটিং শুরু করবে এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামবে।
Truth of Bengal: নভেম্বর মাসের শেষ দিকে এসেও দক্ষিণবঙ্গে শীতের সেই চেনা আমেজ অধরা। আবহাওয়ার খামখেয়ালিপনা যেন মুড সুইংয়ের মতো— এই তাপমাত্রা উঠছে, তো এই নামছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই অচলাবস্থা কাটতে চলেছে। আর কিছুদিন পরেই শীত তার ঝোড়ো ব্যাটিং শুরু করবে এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামবে। তার আগে আজকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস নিচে তুলে ধরা হলো।
আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঘূর্ণাবর্তের কারণেই মূলত তাপমাত্রা নামতে পারছিল না। দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে স্বস্তির খবর, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে— এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে সরাসরি পড়বে না। কিন্তু এর পরোক্ষ প্রভাবে জাঁকিয়ে শীত পড়ার পথে কিছুটা বাধা তৈরি হচ্ছে।
যদিও ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় পড়বে না, তবুও শীতের আমেজ কিছুটা হলেও বেড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে। সেক্ষেত্রে কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। ফলস্বরূপ, সকাল ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি বাড়বে এবং ডিসেম্বরের আগে সেভাবে জাঁকিয়ে শীতের আমেজ ফিরবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বৃদ্ধি পাবে। সকালের দিকে রাজ্যের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। বিশেষ করে উপকূলের জেলাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গিয়ে ভোগান্তি সৃষ্টি করতে পাড়ে।
এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও গত কয়েকদিনে শীতের আমেজ বেড়েছে এবং তাপমাত্রা কিছুটা কমেছে। সোমবারের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিঙের কিছু কিছু জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের বাকি সব জায়গার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কুয়াশার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।






