Samabiyang: চেরি ব্লসম হাব: শীতেই গোলাপি ও সাদার সাজে সেজে ওঠে উত্তরবঙ্গের এই গ্রাম
গোলাপি ও সাদা রঙের চেরি ফুলের ছোঁয়ায় সামাবিয়াং হয়ে ওঠে রূপকথার দেশ। নভেম্বরের শুরুতে ফুল ফোটে।
Truth of Bengal: শীত ও বসন্তের সময় সাদা ও গোলাপি রঙের চেরি ফুলের সাজে সেজে ওঠে জাপান, মেঘালয়ের শিলং কিংবা পড়শি রাজ্য সিকিমের টেমিং টি গার্ডেন। তবে চেরি ব্লসমের ছোঁয়া পেতে আর এসব জায়গায় যেতে হবে না। প্রতি বছর শীতে ও বসন্তে উত্তরবঙ্গের জেলার কালিম্পংয়ের সামাবিয়াং হয়ে ওঠে ‘চেরি ব্লসম হাব’। কালিম্পং জেলার আলগারা ২ নম্বর ব্লকে রয়েছে সামাবিয়াং টি এস্টেট। চায়ের জন্য বিখ্যাত পাহাড়ের রানি দার্জিলিং। হিমালয়ের কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬২০০ ফুট উঁচুতে অবস্থিত সামাবিয়াং টি এস্টেট দার্জিলিংয়ের অন্যতম সর্বোচ্চ চা বাগানের মধ্যে অন্যতম। দার্জিলিং পাহাড়ের প্রত্যন্ত এলাকায় অবস্থিত সামাবিয়াং টি এস্টেট ১৮৮২ সালে স্থাপিত করে ব্রিটিশরা। এখন অর্গানিক ভিলেজ হয়ে উঠেছে সামাবিয়াং। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং পশুপাখির দেখা মেলে।
গোলাপি ও সাদা রঙের চেরি ফুলের ছোঁয়ায় সামাবিয়াং হয়ে ওঠে রূপকথার দেশ। নভেম্বরের শুরুতে ফুল ফোটে।
পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে সবুজ চা বাগান। ঝান্ডি থেকে শেরপাগাঁও হয়ে লাভা যাওয়ার পথে পড়বে সামাবিয়াং টি এস্টেট। রাস্তার পাশে সারি সারি গাছে ফুটে রয়েছে গোলাপি ও সাদা রঙের চেরি ফুল। এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে কার না থমকে যেতে ইচ্ছে করে। এমন জায়গায় বেড়াতে এলে মন আপনাআপনি ভালো হয়ে যেতে বাধ্য। তাই পর্যটকরা এখন এমন জায়গায় বেশি বেড়াতে যাচ্ছেন। সামাবিয়াং আর পাঁচটা গ্রামের চেয়ে অনেক আলাদা। বিস্তীর্ণ চা বাগান, সবুজ পাহাড় ও গোলাপি ও সাদা রঙের চেরি ফুলের সমারোহর পাশাপাশি পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলেছে গীতখোলা। সামাবিয়াং থেকে ঘুরে আসা যায় শেরপাগাঁও, লাভা, রিশপ, দুকা ফলস, কোলাখাম, নকদাড়া প্রভৃতি জায়গা।
কীভাবে যাবেন, কোথায় থাকবেন
চেরি ফুলের শোভা দেখতে নভেম্বরে সামাবিয়াং বেড়াতে যাওয়ার আদর্শ সময়। তবে বর্ষাকাল বাদে বছরের যে কোনো সময় যাওয়া যায় সামাবিয়াং। বেশির ভাগ সময় আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকে। নিউ জলপাইগুড়ি স্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে যাওয়া যায় সামাবিয়াং। নিউ জলপাইগুড়ি থেকে ওদলাবাড়ি হয়ে সামাবিয়াং যাওয়া যায়। সময় লাগে ঘণ্টা তিনেক। মালবাজার থেকে মাত্র দেড় ঘণ্টার দূরত্ব সামাবিয়াং। থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোম স্টে।



