ভ্রমণ

Kharmal Basti: শীতের আমেজ গায়ে মেখে চলুন! পাহাড়ের কোলে নিরিবিলি খারমাল গাঁও

দার্জিলিংয়ের খুব কাছে রয়েছে এই জায়গাটি। পাহাড়ের কোলে সাজানো গোছানো ছোট্ট পাহাড়ি গ্রাম।

Truth of Bengal: ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু করেছে। শীতের আমেজ গায়ে মেখে এই সময় অনেকেই ঘুরতে যান। বেড়াতে ভালোবাসলে সকলেই যেতে চান কোনো অফবিট পর্যটন কেন্দ্রে। দার্জিলিং, মিরিক, কালিম্পং, কার্শিয়াং, লাভা লোলেগাঁও, উত্তরবঙ্গের পাহাড়ি পর্যটন কেন্দ্র যদি আপনার দেখা হয়ে গিয়ে থাকে তাহলে শান্তি, নিরিবিলি পরিবেশে কাটানোর জন্য আপনার গন্তব্য হতেই পারে খারমাল বস্তি বা খারমাল গাঁও।

দার্জিলিংয়ের খুব কাছে রয়েছে এই জায়গাটি। পাহাড়ের কোলে সাজানো গোছানো ছোট্ট পাহাড়ি গ্রাম। পাশ দিয়ে আপন ছন্দে ছলাৎছলাৎ শব্দ করে বয়ে চলেছে রঙ্গিত নদী। নদীর পাড়ে বসে কোথা দিয়ে যে সময় কেটে যাবে টেরই পাবেন না।
শিলিগুড়ি থেকে খারমাল বস্তির দূরত্ব প্রায় ৭৮ কিলোমিটার। দার্জিলিং থেকে মাত্র ১০ কিলোমিটার। প্রায় ৭১৯৮ ফুট উঁচুতে অবস্থিত খারমাল বস্তির প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো পর্বতশ্রেণি দেখা যায় ভালো ভাবে। চারপাশে পাইনের জঙ্গল। তার সঙ্গে উপরি পাওনা চা বাগান। যারা পাহাড়ে বেড়াতে ভালোবাসে তাদের জন্য এই জায়গা আদর্শ। একেবারে স্বর্গ বলে মনে হবে।

কীভাবে যাবেন, কোথায় থাকবেন, বেড়ানোর আদর্শ সময় কোনটা

ফেব্রুয়ারি থেকে মে, অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বেড়ানোর আদর্শ সময়। শিলিগুড়ি বা দার্জিলিং থেকে সরাসরি এখানে আসা যায়। থাকার জন্য কয়েকটি হোম স্টে রয়েছে। আগে থেকে বুকিং করে আসতে হবে। হোম স্টে’র ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন।

Related Articles