খেলা

বিশ্বকাপ জয়ের আনন্দেই কি শেষ? মধ্যপ্রাচ্যের উত্তাপে এবার অনিশ্চয়তার মুখে আইপিএল ২০২৬

এত বড় একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা আদৌ সম্ভব কি না, তা নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্ন।

Truth of Bengal: বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই ক্রিকেটপ্রেমীদের জন্য এল দুঃসংবাদ। অনিশ্চয়তার মুখে পড়তে পারে আইপিএল। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির জেরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ লিগ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মূল সমস্যার সূত্র মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ। সেই সংঘাতের প্রভাব পড়েছে গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। ভারতেও তৈরি হয়েছে গ্যাসের সংকট। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই জরুরি পরিষেবা বজায় রাখতে ‘এসমা’ জারি করেছে। এর ফলে এত বড় একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা আদৌ সম্ভব কি না, তা নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্ন।

আইপিএলের মতো বিশাল টুর্নামেন্ট আয়োজন করতে বিপুল পরিমাণ জ্বালানি ও পরিকাঠামোর প্রয়োজন হয়। দলগুলির হোটেল ব্যবস্থা, স্টেডিয়ামের রান্নাঘর, ড্রেসিংরুম—প্রায় সব জায়গাতেই গ্যাসের ব্যবহার অপরিহার্য। ফলে জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে টুর্নামেন্টের প্রস্তুতিতে বড় বাধা তৈরি হতে পারে। এ প্রসঙ্গে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছেন, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় বোর্ড নেই বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। অর্থাৎ বোর্ডও পুরো বিষয়টি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

শুধু জ্বালানি সমস্যা নয়, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলেও কিছুটা প্রভাব পড়েছে। ফলে বিদেশি ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং টুর্নামেন্টের সঙ্গে যুক্ত বহু সদস্যের যাতায়াত নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তবে সব আশঙ্কার মধ্যেও আশা ছাড়ছে না বোর্ড। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলে নির্ধারিত সময়েই আইপিএল আয়োজনের চেষ্টা চালানো হবে বলে জানা গিয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। তাই আপাতত অপেক্ষা, পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।

Related Articles