পতাকা বিতর্কে হার্দিক, বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝেই উঠল আইনি অভিযোগ
মহারাষ্ট্রের পুণে শহরে আইনজীবী ওয়াজিদ খান অভিযোগটি দায়ের করেছেন।
Truth Of Bengal: টি–২০ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ভারতের খেতাব জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাঁর বিরুদ্ধে উঠেছে জাতীয় পতাকার মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগ। ইতোমধ্যেই এই অভিযোগ নিয়ে পুলিশের কাছে লিখিত আবেদন জমা পড়েছে।
মহারাষ্ট্রের পুণে শহরে আইনজীবী ওয়াজিদ খান অভিযোগটি দায়ের করেছেন। তাঁর দাবি, বিশ্বকাপ জয়ের পর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদযাপনের সময় হার্দিক শরীরে জাতীয় পতাকা জড়িয়ে মাঠে ঘোরাফেরা করেন। অভিযোগকারীর মতে, এমন আচরণ জাতীয় পতাকার মর্যাদার পরিপন্থী এবং তা অশোভন। জানা গিয়েছে, অভিযোগপত্রটি শিবাজি নগর থানায় জমা পড়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের হয়েছে কি না, সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানানো হয়নি।
অভিযোগকারীর বক্তব্য, দেশের প্রতিটি নাগরিকেরই জাতীয় পতাকার সম্মান রক্ষা করা দায়িত্ব। তাই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা প্রয়োজন বলেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। তবে এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত হার্দিক পান্ডিয়া বা ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
বিতর্কের বাইরে মাঠের পারফরম্যান্সে অবশ্য দারুণ ছাপ রেখেছেন হার্দিক। পুরো টুর্নামেন্টে ব্যাট ও বল—দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। দু’টি অর্ধশতরান করার পাশাপাশি নামিবিয়ার বিরুদ্ধে ২৮ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। বল হাতেও সমান কার্যকর থেকে মোট ৯টি উইকেট তুলে নেন এই অলরাউন্ডার। তাঁর এই পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা একাদশেও জায়গা পেয়েছেন তিনি।
আমদাবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বার টি–২০ বিশ্বকাপ জিতেছে ভারত। একই সঙ্গে টানা দ্বিতীয়বার খেতাব ধরে রেখে ইতিহাসও গড়েছে দল। আর সেই জয়ের আনন্দের মাঝেই নতুন বিতর্কে নাম জড়াল দলের অন্যতম ভরসা হার্দিক পান্ডিয়ার।





