বিশ্বজয়ী ভারতের জন্য বিসিসিআইয়ের উপহার! ১৩১ কোটির রেকর্ড পুরস্কার ঘোষণা বোর্ডের
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ট্রফি জেতে ভারত।
Truth Of Bengal: ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ঐতিহাসিক জয়ের পর, মঙ্গলবার (১০ মার্চ) বিসিসিআই (BCCI) এক অভূতপূর্ব ঘোষণা করল। বিশ্বজয়ী টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি টাকার রেকর্ড ভেঙে এবার ১৩১ কোটি টাকার বিশাল আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বোর্ড। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ অঙ্কের পুরস্কার।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ট্রফি জেতে ভারত। এই জয়ের সাথে সাথেই টিম ইন্ডিয়া ইতিহাসে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার (Defending Champions) অনন্য নজির গড়ল। শুধু তাই নয়, এর ফলে ভারত প্রথম দেশ হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মুকুট মাথায় পরল, যা ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফরম্যাটে ভারতের আধিপত্যকে আরও একবার প্রতিষ্ঠিত করল।
বিসিসিআই এক বিবৃতিতে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের এই ঐতিহাসিক অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছে এবং আগামী দিনেও এই সাফল্যের ধারা বজায় রাখার শুভেচ্ছা জানিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে যখন ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, তখন বোর্ড ১২৫ কোটি টাকা পুরস্কার দিয়েছিল। এবার সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল বোর্ড।






