হাত ধুতে জল নয়, ঢেলে দেওয়া হয় চকোলেট সস! রেস্তরাঁর এই আজব থেরাপি নিতে খরচ ২৬ হাজার টাকা
এই অভিজ্ঞতার দৌড়ে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে আমেরিকার ওয়াশিংটন ডিসি ও মিয়ামির এক রেস্তরাঁ।
Truth of Bengal: রেস্তরাঁয় গিয়ে ডিশ সাজিয়ে খাবার খাওয়া— বর্তমান প্রজন্মের কাছে এখন এই অভিজ্ঞতা বেশ পুরনো। আজকের দিনে ভোজনরসিকরা খুঁজছেন নতুন কিছু। তাই তো অপরিচিতদের সঙ্গে ‘সাপার ক্লাবে’ বসে আড্ডা দিতে দিতে খাওয়া, কিংবা রেস্তরাঁতে বসেই ছবি আঁকা বা ভাস্কর্য তৈরির পাঠ নেওয়া এখনকার নতুন ট্রেন্ড। অর্থাৎ, এখন রেস্তরাঁর জনপ্রিয়তা শুধু স্বাদের ওপর নয়, বরং সেখানকার অভিজ্ঞতার ওপর বেশি নির্ভর করছে। আর এই অভিজ্ঞতার দৌড়ে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে আমেরিকার ওয়াশিংটন ডিসি ও মিয়ামির এক রেস্তরাঁ।
আমাদের ভারতীয় সংস্কৃতিতে অতিথি আপ্যায়নে হাত ধুইয়ে দেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। কিন্তু সেই হাত যদি ধোয়ানো হয় চকোলেট দিয়ে? শুনতে অবাক লাগলেও ওয়াশিংটন ডিসি ও মিয়ামির ‘এলসিয়েলো’ রেস্তরাঁয় ঠিক এই কাণ্ডই ঘটছে। সেখানে খাবার পরিবেশনের আগে অতিথিদের দেওয়া হচ্ছে এক বিশেষ ‘চকোলেট থেরাপি’। আর এই রাজকীয় অভিজ্ঞতার স্বাদ নিতে পকেট থেকে খসাতে হবে প্রায় ২৮৯ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৬,০০০ টাকার সমান।
রেস্তরাঁর প্রধান রন্ধনশিল্পী হুয়ান ম্যানুয়েল ব্যারিএন্তোসের মস্তিষ্কপ্রসূত এই থেরাপিতে অভিনবত্বের ছোঁয়া রয়েছে। টেবিলে অতিথি বসার পর তাঁর সামনে একটি বড় পাত্র রাখা হয় এবং দুই হাতের তালুতে ঢেলে দেওয়া হয় গাঢ় চকোলেট সস। সেই চকোলেটে হাত মাখামাখি করে মুহূর্তেই ছোটবেলায় ফিরে যান অতিথিরা। অনেকে তো আবার হাত ধোয়ার বদলে চকোলেট চেটেই শেষ করে ফেলেন। আসলে এটি কোনো ধর্মীয় বা সামাজিক প্রথা নয়, বরং গ্রাহকদের মন জেতার এক অদ্ভুত কৌশল। যান্ত্রিক জীবনে রেস্তরাঁয় খেতে গিয়ে যদি খানিকক্ষণের জন্য শৈশবের সেই চকোলেট মাখা স্মৃতি ফিরে পাওয়া যায়, তবে চড়া দাম দিয়েও এই ‘চকোলেট থেরাপি’ নিতে পিছপা হচ্ছেন না ভোজনবিলাসীরা।



