‘নো মিনস নো, ইয়েস মিনস ইয়েস’! তরুণীর ভাইরাল স্লোগানে তোলপাড় নেটদুনিয়া
Young girl's viral slogan is uproar in Netdunia

Truth Of Bengal : আরজি কর কাণ্ডে গোটা দেশ জুড়ে চলছে ‘প্রতিবাদ’ কর্মসূচী। আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনায় বিভিন্ন এলাকায় দফায় দফায় চলছে তীব্র প্রতিবাদ। বাচ্চা থেকে বুড়ো প্রায় সব বয়সের মানুষই বিচারের দাবিতে পথে নেমেছে। কখনও মিছিল করে আবার কখনও জমায়েত করে চলছে সাধারন মানুষের ক্ষোভ প্রকাশ। সেই আবহে এবার নতুন এক স্লোগান ঘিরে তোলপাড় সামাজিক মাধ্যম। এই প্রতিবাদী স্লোগানে এখন মত্ত সাধারন মানুষ। কী সেই স্লোগান?
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি প্রতিবাদ মিছিলে এক মহিলা উচ্চ স্বরে স্লোগান তুলেছেন, “যেখানেই আমি যাই না কেন, যেমন পোশাকই আমি পরি না কেন, না মানে না। আর হ্যাঁ মানে হ্যাঁ।” ওই মহিলার স্লোগানে তাল মেলাচ্ছেন বাকি মহিলারা। কিন্তু, ভাইরাল হওয়া ভিডিয়োটি কি আমাদের দেশের? নাকি অন্য কোন দেশের? এই নিয়ে অনেকের মনেই সংশয় বাসা বেঁধেছে। অনেকের অনুমান, “এটি কলকাতার মিছিল”। আবার কেউ কেউ বলছেন, “এটি ঢাকার মিছিল”।
আরজি কর কাণ্ড :
আর জি কর মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী খুনের ঘটনার প্রতিবাদে তোলপাড় দেশ থেকে রাজ্য। গত শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চলছে আন্দোলন। জুনিয়র চিকিৎসকেরা ইতিমধ্যেই কর্মবিরতির ডাক দিয়েছেন। আপাতত বহির্বিভাগের যাবতীয় পরিষেবা বন্ধ রয়েছে। আরজি কর মেডিক্যাল কলেজে নিহত চিকিৎসকের পানিহাটির বাড়িতে বৃহস্পতিবার গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের মধ্যে ছিল সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল। নেতৃত্বে ছিলেন সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর।
সিবিআই সূত্রে খবর, আধিকারিকেরা ইতিমধ্যেই নির্যাতিতার ডায়েরি, নোটবুক, বইপত্র খতিয়ে দেখেছেন। পানিহাটির বাড়ি থেকে বেরিয়ে এই নিয়ে আপাতত কিছু জানাতে চাননি উচ্চপদস্থ আধিকারিকেরা। তবে সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর জানিয়েছেন, “তদন্ত চলছে। অভিভাবকের বয়ান নেওয়া হয়েছে। বুধবারের পর বৃহস্পতিবার সিবিআই আবার আরজি কর মেডিক্যাল কলেজেও গিয়েছিল। তবে তদন্ত এখনও চলছে। পরবর্তীকালে আরও কোনো তথ্য জানা গেলে নিশ্চয়ই জানাবো”।






