কলকাতা

রবিবারে ১২ ঘণ্টার জন্য পুরোপুরি বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প রুট

পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার এই মর্মে একটি নির্দেশিকা জারি করে বিকল্প রুটগুলির তালিকা প্রকাশ করেছেন।

Truth of Bengal: শহরের অন্যতম প্রধান সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু আগামী রবিবার দীর্ঘ ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। সেতুর বিয়ারিং এবং কেব্‌ল-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের জরুরি মেরামতির কাজের জন্য সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচল নিষিদ্ধ থাকবে। কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার এই মর্মে একটি নির্দেশিকা জারি করে বিকল্প রুটগুলির তালিকা প্রকাশ করেছেন।

সেতু বন্ধ থাকার কারণে যানজট এড়াতে ট্রাফিক পুলিশ একাধিক রদবদল ঘটিয়েছে। নির্দেশিকা অনুযায়ী, জ়িরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড হয়ে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এই গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড বা স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে। আবার হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে ঘুরে কেপি রোডের দিকেও যাওয়ার সুযোগ থাকবে। অন্যদিকে, জেএন আইল্যান্ডের দিক থেকে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠিয়ে দেওয়া হবে।

খিদিরপুর থেকে সিজিআর রোড হয়ে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেপি রোডের সমস্ত গাড়ি ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফারলং গেটের দিকে যাবে এবং সেখান থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে পৌঁছানো যাবে। উল্লেখ্য, বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বশাসিত সংস্থা হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (এইচআরবিসি)। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটিই হুগলি নদীর ওপর সেতু নির্মাণ ও দেখভালের কাজ পরিচালনা করে।

Related Articles