কলকাতা
অর্থবর্ষের শেষ দিনে খোলা থাকবে ট্রেজারি, জারি নির্দেশিকা
৩১ মার্চ ২০২৬ তারিখে রাজ্যের সমস্ত ট্রেজারি ও পে-অ্যান্ড-অ্যাকাউন্ট অফিস খোলা থাকবে।
Truth of Bengal: আসন্ন অর্থবর্ষ ২০২৫-২৬-এর শেষ দিনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল নবান্ন। অর্থ দফতরের অডিট শাখা থেকে জারি হওয়া এক মেমোর্যান্ডামে জানানো হয়েছে, ৩১ মার্চ ২০২৬ তারিখে রাজ্যের সমস্ত ট্রেজারি ও পে-অ্যান্ড-অ্যাকাউন্ট অফিস খোলা থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ওইদিন বিকেল ৪টা পর্যন্ত ২০২৫-২৬ অর্থবর্ষ সংক্রান্ত বিল ও অ্যাডভাইস গ্রহণ করা হবে। বিশেষ করে ৩১ মার্চ তারিখে জারি হওয়া বরাদ্দ বা স্যাংশন অর্ডার এবং ৩০ মার্চ রাতের দেরিতে জারি হওয়া নথিপত্রও ওই সময়সীমার মধ্যে জমা দেওয়া যাবে।
তবে সরকারি প্রাপ্তি গ্রহণের ক্ষেত্রে কিছুটা ছাড় রাখা হয়েছে। জানানো হয়েছে, ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত রাজস্ব গ্রহণ করা যাবে, অথবা প্রয়োজন অনুযায়ী সময় নির্ধারণ করবে Reserve Bank of India। মার্চ মাসের হিসাবেই এই সমস্ত প্রাপ্তি অন্তর্ভুক্ত করা হবে।


