আমার নিজের সংসার তৃণমূল, ঘর ওয়াপসিতে আবেগপ্রবণ শোভন
সোমবার আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে তিনি যোগ দিয়ে নিজের দ্বিতীয় ইনিংসের সূচনা করলেন। তাঁর 'ঘরওয়াপসি' ঘিরে আনন্দের হাওয়া বইছে শাসক শিবিরে।
Truth Of Bengal: নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির (এনকেডিএ) চেয়ারম্যান হওয়ার পর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন রাজ্যের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। অপেক্ষা ছিল শুধু সময়ের। এবার তাও হয়ে গেল। সোমবার আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে তিনি যোগ দিয়ে নিজের দ্বিতীয় ইনিংসের সূচনা করলেন। তাঁর ‘ঘরওয়াপসি’ ঘিরে আনন্দের হাওয়া বইছে শাসক শিবিরে।
তবে এদিন শোভন চট্টোপাধ্যায় একা নন, তৃণমূল কংগ্রেসে যোগ দেন সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল ভবনে দুজনেই ঘাসফুল শিবিরের পতাকা তুলে নেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুব্রত বক্সির হাত থেকে। এরপর সাংবাদিক বৈঠকে শোভন চট্টোপাধ্যায় পরিষ্কার করে দেন নিজের উদ্দেশ্য। তাঁর বক্তব্য, তিনি কোনও ত্রুটি রাখবেন না নিজের দায়িত্বে এবং দলকে আরও মজবুত করে তুলবেন।
শোভন চট্টোপাধ্যায় বলেন, “এটা আমার নিজের ঘর। আমার নিজের সংসার। পুনরায় সামিল হলাম ঘরের ছেলে হিসেবে। আগামীদিনে আরও শক্তিশালী করতে চাই তৃণমূল কংগ্রেসকে।” এরপরই অরূপ বিশ্বাস ও সুব্রত বক্সির প্রশংসা করেন প্রাক্তন মেয়র। তিনি বলেন, “বক্সিদা আমার ভাই। আমার দীর্ঘদিনের বন্ধু অরূপ। ভাষা নেই আমার কৃতজ্ঞতা জানানোর। নিজের দায়িত্বে কোনও ত্রুটি রাখব না। আরও মজবুত করে তুলবো আমার ঘরকে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন দুজনে বলে খবর। যদিও কামব্যাকের পর বঙ্গ রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে যে কেমন হবে তাঁদের দ্বিতীয় ইনিংস বা দলের কি পরিকল্পনা রয়েছে দুজনকে নিয়ে আগামীদিনের জন্য। সেক্ষেত্রে দেখার যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দুজনের ভূমিকা কি হয় দলে।






