ঘণ্টার ব্যবধানে ‘ডিগবাজি’ ট্রাম্পের! ট্রাম্পের দ্বিমুখী অবস্থানে জল্পনা তুঙ্গে
সেখানে তিনি দাবি করেন, আমেরিকা অনেক ক্ষেত্রে সফল হলেও তা চূড়ান্ত জয়ের জন্য যথেষ্ট নয়।
Truth Of Bengal: ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরস্পরবিরোধী মন্তব্যে আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সোমবার সকালে এক মার্কিন সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প সগর্বে ঘোষণা করেন যে, আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযানে ইরান পুরোপুরি বিধ্বস্ত এবং যুদ্ধ কার্যত শেষ। তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, ফলে নির্দিষ্ট সময়ের অনেক আগেই তারা জয় হাসিল করে নিয়েছে। ট্রাম্পের এই আত্মবিশ্বাসী ঘোষণা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয় যে, তবে কি মধ্যপ্রাচ্যে শান্তির আবহ ফিরছে?
কিন্তু এই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যান ট্রাম্প। রিপাবলিকান দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেন। সেখানে তিনি দাবি করেন, আমেরিকা অনেক ক্ষেত্রে সফল হলেও তা চূড়ান্ত জয়ের জন্য যথেষ্ট নয়। ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দিয়ে জয় সুনিশ্চিত না করা পর্যন্ত এই লড়াই থামবে না বলে তিনি ইঙ্গিত দেন। ট্রাম্পের এই হঠাত ভোলবদল বা ‘ডিগবাজি’ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানারকম চর্চা শুরু হয়েছে।
বিশেষত ইজরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন যে, যুদ্ধ সংক্রান্ত যেকোনো বড় সিদ্ধান্ত তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই নেবেন। এখন প্রশ্ন উঠছে, সোমবার সকালে তড়িঘড়ি যুদ্ধ শেষের ঘোষণা করার আগে কি আদৌ নেতানিয়াহুর সঙ্গে কোনো কথা হয়েছিল ট্রাম্পের? কেনই বা কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি নিজের কথা থেকে সরে এলেন, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত যে এখনই থামছে না, ট্রাম্পের দ্বিতীয় বক্তব্যেই তা পরিষ্কার হয়ে গিয়েছে।





