দেশ

ইউপিএসসি-র তালিকায় নাম দেখে আনন্দ, রোল নম্বর মেলাতেই চক্ষুচড়কগাছ তরুণীর

তাড়াহুড়ো করে শুধু নাম দেখে নেওয়াতেই ঘটে যায় এই বড় ভুল।

Truth of Bengal: ইউপিএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মুহূর্তের মধ্যেই আনন্দ থেকে হতাশায় ভেঙে পড়লেন উত্তরপ্রদেশের এক তরুণী। বুলন্দশহরের বাসিন্দা শিখা গৌতম ফলের তালিকায় নিজের নাম দেখেই ধরে নেন যে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তালিকায় ১১৩ নম্বরে ‘শিখা’ নামটি দেখে তিনি আর রোল নম্বর মিলিয়ে দেখেননি। সেই খবর ছড়িয়ে পড়তেই পরিবার, প্রতিবেশী এবং আত্মীয়দের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়।

পাড়ায় মিষ্টি বিতরণ করা হয়, এমনকি সংবাদমাধ্যমেও তাঁর সাফল্যের গল্প প্রকাশিত হতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সামনে আসে বাস্তবতা। জানা যায়, তালিকায় থাকা ‘শিখা’ আসলে অন্য একজন প্রার্থী। তাড়াহুড়ো করে শুধু নাম দেখে নেওয়াতেই ঘটে যায় এই বড় ভুল। বিষয়টি বুঝতে পেরে শিখা নিজেই পরিবারকে জানান এবং সংবাদমাধ্যমের কাছেও ক্ষমা চান।

ঘটনার পর স্বাভাবিকভাবেই আনন্দের পরিবেশ মুহূর্তেই বদলে যায় হতাশায়। শিখা জানান, ভবিষ্যতে তিনি আবারও চেষ্টা করবেন। তবে এই ঘটনা আবারও মনে করিয়ে দিল—গুরুত্বপূর্ণ ফলাফল দেখার সময় পুরো তথ্য যাচাই করা কতটা জরুরি।