দেশ

বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে মৃত্যু: থলপতির মুখে ‘ষড়যন্ত্রের তত্ত্ব’

সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করেন অভিনেতা

Truth Of Bengal: তামিলনাড়ুর রাজনীতিতে মাথা তুলতে চাইছেন অভিনেতা থেকে রাজনীতিতে পা দেওয়া থলপতি বিজয় (vijay thalapathy)। আর রাজনীতির ইনিংস শুরু করেই বড় বাউন্সারের মুখে পড়লেন রূপোলী পর্দা থেকে রাজনীতির রঙ্গমঞ্চে উঠে আসা দক্ষিণী অভিনেতা। জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুতে তোলপাড় ডিএমকে শাসিত রাজ্য। শনিবার রাতে মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়ে যায়, বর্তমানে সেই মৃতের সংখ্যা ৪০ ছুঁয়েছে বলে প্রশাসনের তরফে জানা গেছে। যেখানে ১০হাজার মানুষের জমায়েতের জায়গা ছিল, সেখানে ৫০হাজার মানুষের জমায়েত যে ভিড়ের বহর বাড়ায়,বিপদ ডেকে আনে তা এই ঘটনা স্পষ্ট করেছে।তামিলনাড়ু পুলিশ- প্রশাসনের দেওয়া তথ্যে পরিস্কার, বাড়তি জমায়েতই বিপত্তি বাঁধায়। ডিএমকে সরকার, বিধিভঙ্গের জন্য থলপতি বিজয়কেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

কেন্দ্রীয় সরকার, এই ঘটনার পূর্ণ রিপোর্ট তলব করেছে। কেন এই ঘটনা ঘটল, তা জানতে চেয়ে ডিএমকে সরকারের কাছে বার্তা পাঠানো হয়। এর মধ্যে জানা যায়, ‘থলপতি’ বিজয় নির্ধারিত সময়ে আসবেন বললেও তিনি আসেননি। যার জেরে লাগামছাড়া ভিড় পরিস্থিতি উত্তাল করে তোলে। বিজয় অনেক পরে আসায় জনতার উচ্ছ্বাস বেড়ে যায়। অভিনেতাকে দেখার জন্য দীর্ঘ ক্ষণ অপেক্ষায় থাকা মানুষ হুড়োহুড়ি করে।মেজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলছে। রাজ্য সরকার যখন থলপতি বিজয়ের সভায় বিশৃঙ্খলার দিকে আঙুল তুলেছে। তখন থলপতি নিজে আবার ‘ষড়যন্ত্রের তত্ত্ব’ খাড়া করেছেন। সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করেন অভিনেতা। (vijay thalapathy)

প্রসঙ্গত, অভিনেতাকে দেখার জন্য দর্শকদের উদ্দীপনা তামিলনাড়ু-র করুরে পদপিষ্ট হয়ে ৪০জনের মৃত্যু হয়। হুড়োহুড়িতে ১০শিশু, ১৬মহিলার মর্মান্তিক মৃত্যু হয়। ভিড় আর গরমের চাপে অসুস্থ হয়ে ৫১জন হাসপাতালের আইসিইউতে ভর্তি।আহত শতাধিক মানুষ  মৃত্যু-র সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তামিলনাড়ু-র মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন-এর সঙ্গে কথা বলেন। তামিলনাড়ু সরকারের তরফে মৃতদের পরিবারকে ১০লক্ষ অর্থ সহায়তা এবং আহতদের চিকিত্সার জন্য ১লক্ষ টাকা সহায়তার প্রতিশ্রুতি দেন। (vijay thalapathy)