Modi Message: আলোর উৎসবে মোদির ‘খোলা চিঠি’: “অপারেশন সিঁদুর-এর সাহসই আজকের ভারতের প্রতিচ্ছবি”
অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা দেন ভগবান রাম। সেই সাহসেরই প্রতিফলন আমরা দেখেছি ‘অপারেশন সিঁদুর’-এর সময়।
Truth of Bengal: দীপাবলির দিন দেশবাসীর উদ্দেশে এক আবেগপূর্ণ খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি তুলে ধরেছেন ‘অপারেশন সিঁদুর’-এর সাহসিকতা, মাওবাদ দমন, দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং দেশীয় পণ্য ব্যবহারের প্রয়োজনীয়তা। চিঠির প্রতিটি অংশে স্পষ্ট মোদির বার্তা— দীপাবলি শুধু আলোয় ঘর সাজানোর উৎসব নয়, বরং আত্মনির্ভর ও ঐক্যবদ্ধ ভারতের নতুন প্রতিজ্ঞা নেওয়ার সময়। চিঠির শুরুতেই দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণের পর এটি দ্বিতীয় দীপাবলি। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা দেন ভগবান রাম। সেই সাহসেরই প্রতিফলন আমরা দেখেছি ‘অপারেশন সিঁদুর’-এর সময়।
ভারত তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছে। প্রধানমন্ত্রী আরও লেখেন, এ বছরের দীপাবলি দেশের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এখন দেশের বহু প্রত্যন্ত অঞ্চলেও দীপাবলি উদযাপিত হচ্ছে, যেখানে এক সময় মাওবাদীরা আধিপত্য বিস্তার করত। আমরা সফলভাবে মাওবাদকে মূল থেকে নির্মূল করতে পেরেছি। বহু মানুষ সহিংসতার পথ ছেড়ে শান্তির পথে ফিরে এসে সংবিধানের প্রতি আস্থা রেখেছেন— এটা গোটা জাতির জয়।চিঠিতে মোদি কেন্দ্রের সাম্প্রতিক উদ্যোগ ‘জিএসটি সাশ্রয় উৎসব’-এর কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, এই উৎসবের মাধ্যমে দেশবাসী হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করেছেন। বিশ্বজুড়ে নানা অর্থনৈতিক সঙ্কটের মধ্যেও ভারত যে দৃঢ়ভাবে এগোচ্ছে, সেটাও তিনি তুলে ধরেন— আজ ভারত একাধারে স্থিতিশীল ও সংবেদনশীল অর্থনীতি। আমরা দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়ার পথে।
দেশের উন্নয়নযাত্রায় নাগরিকদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী লেখেন, বিকশিত ও আত্মনির্ভর ভারতের পথে প্রত্যেক নাগরিকের কর্তব্য— দেশকে অগ্রাধিকার দেওয়া। দেশীয় পণ্য কেনার অভ্যাস গড়ে তুলতে হবে, স্বাস্থ্যকে প্রাধান্য দিতে হবে, এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। চিঠির শেষে মোদি দেশবাসীর প্রতি আহ্বান জানান, আসুন, আমরা ভারতের প্রতিটি ভাষাকে সম্মান করি, ঐক্যের বন্ধনে যুক্ত হই, এবং দীপাবলির আলোকে নতুন ভারতের আলোকবর্তিকা হিসেবে গড়ে তুলি।প্রধানমন্ত্রীর এই দীপাবলি বার্তায় যেমন প্রতিফলিত হয়েছে দেশের সামরিক সাফল্য ও অর্থনৈতিক অগ্রগতি, তেমনই ফুটে উঠেছে ঐক্য, আত্মনির্ভরতা ও জাতীয় গর্বের আবেগ।






