বিহারে মিড-ডে মিলে বিষক্রিয়া! খাবার খেয়ে বমি ও পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ৭০ শিশু
দ্রুত অ্যাম্বুল্যান্স ও ব্যক্তিগত গাড়িতে করে অসুস্থ শিশুদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়
Truth of Bengal: বিহারের মাধেপুরায় মিড ডে মিলের বিষক্রিয়ায় অন্তত ৭০ জন স্কুল পড়ুয়া অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার মাধেপুরা থানার অন্তর্গত সাহুগড় গ্রামের একটি সরকারি স্কুলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অসুস্থ পড়ুয়াদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। স্থানীয় ও স্কুল সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে নিয়মমাফিক মিড ডে মিল খাওয়ার কিছুক্ষণ পরেই একের পর এক পড়ুয়া অসুস্থ বোধ করতে শুরু করে। অনেকের পেটে অসহ্য যন্ত্রণা এবং বমি হতে থাকে। মুহূর্তের মধ্যে বিভিন্ন ক্লাসের পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়লে স্কুল চত্বরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অভিভাবকরা স্কুলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। দ্রুত অ্যাম্বুল্যান্স ও ব্যক্তিগত গাড়িতে করে অসুস্থ শিশুদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভিভাবকদের প্রাথমিক অনুমান, মিড ডে মিলের খাবারে টিকটিকি পড়েছিল এবং সেখান থেকেই বিষক্রিয়া ছড়িয়েছে। জানা গিয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওই স্কুলে খাবার সরবরাহ করেছিল। স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অসুস্থ শিশুদের চিকিৎসার তদারকি করতে হাসপাতালে পৌঁছান জেলা শিক্ষা আধিকারিক সঞ্জয় কুমার।
জেলা শিক্ষা আধিকারিক জানিয়েছেন, প্রতিটি পড়ুয়ার সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। অভিযুক্ত স্বেচ্ছাসেবী সংস্থাকে ইতিপূর্বেই শোকজ করা হয়েছে এবং ওই দিনের খাবারের নমুনা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে, তদন্তে কোনও ত্রুটি বা গাফিলতি ধরা পড়লে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।






